
বাসাইলসংবাদ: শনিবার, ৩০ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল ৩১ মার্চ টাঙ্গাইলে অনুষ্ঠিত হবে পঞ্চম উপজেলা পরিষদের চতুর্থ ধাপের ভোটগ্রহণ। তুমুল প্রচারণা শেষে প্রার্থীদের প্রত্যাশা ব্যাপক ভোটার উপস্থিতির মাধ্যমে সারাদেশের চাইতে ব্যতিক্রম হবে মির্জাপুরের ভোটের চিত্র। তবে প্রাার্থীদের প্রত্যাশার বিপরীতে উপজেলার বিভিন্ন জনসমাগমপূর্ণস্থানে সরেজমিন পরিদর্শন করে সাধারণ ভোটারদের সাথে কথা বলে উঠে এসেছে ভোট নিয়ে ভোটারদের উদাসীনতার কথা। গ্রাম পর্যায়ে সবচাইতে বেশী অনাগ্রহ বিরাজ করছে নারী ও বয়স্ক ভোটারদের মাঝে।
তাই যে প্রার্থীর প্রচারণা ভোটারদের মনে ভোট নিয়ে বেশী আগ্রহ তৈরি করতে পেরেছে বিজয়ের পথে সে-ই এগিয়ে থাকবে বলে মনে করে অধিকাংশ ভোটাররা।
তবে এদিক থেকে মীর এনায়েত হোসেন মন্টু (নৌকা) আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তিনি এগিয়ে থাকবেন। আওয়ামী লীগ মনোনীত হওয়ায় দলের কর্মী সমর্থকদের নিয়ে গোছালো প্রচারণা করতে পেরেছেন তিনি। আর এক্ষেত্রে আওয়ামী প্যানেল প্রচারণার মাধ্যমে বাড়তি সুবিধা পেয়েছেন স্বতন্ত্র ভাইস চেয়ারম্যান প্রার্থী যুবনেতা আজহারুল ইসলাম (তালা), মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মির্জা শামীমা আক্তার শিফা (কলসি)। তবে এই সুবিধা না পেলেও শক্ত অবস্থানে রয়েছেন আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী সাবেক যুবলীগ আহবায়ক সেলিম সিকদার (উড়োজাহাজ) ও আওয়ামী নেত্রী মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী সালমা সালাম উর্মি (হাঁস)।

অপরদিকে বিএনপি থেকে পদত্যাগ করা চেয়ারম্যান প্রার্থী ফিরোজ হায়দার খান (মোটরসাইকেল) ও উপজেলা মহিলা দলের সভাপতি বহিস্কৃত নেত্রী খালেদা সিদ্দিকা স্বপ্না (ফুটবল) বিরামহীন প্রচারনা চালিয়ে গেলেও বিএনপি কর্মী সমর্থকদের পূর্ণ ভোট পাওয়ার কোন সম্ভাবনা নেই বলেই মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে নানা হিসেব নিকেশে সবাইকে বিজয়ী হয়ে সবাই অবাক করে দিতে পারেন ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবুল কাশেম (টিউবওয়েল)।
প্রসঙ্গত, পঞ্চম উপজেলা নির্বাচনের চতুর্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুরে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস চেয়ারম্যান পদে ৩ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩ জনসহ মোট ১০ প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২২ হাজার ৮৯৮ জন। এর মধ্যে নারী ভোটার ১ লক্ষ ৬২ হাজার ৮৮৩ জন ও পুরুষ ভোটার ১ লক্ষ ৬০ হাজার ১৫ জন। মোট ভোট কেন্দ্র ১২০টি।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এএম শামছুজ্জামান বলেন, ‘‘ইতোমধ্যে সকল প্রকার প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আশা করছি সারাদেশের তুলনায় মির্জাপুরে ভোটার উপস্থিতি সন্তোষজনক হবে এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন শেষ করতে পারবো।’
বাসাইলসংবাদ/একেবি




