
বাসাইলসংবাদ: মঙ্গলবার , ২৬ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে উদযাপিত হলো ৪৮তম স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। মঙ্গলবার (২৬ মার্চ) সূর্য্যদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির পর কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন, মির্জাপুর প্রেসক্লাব, মির্জাপুর রিপোর্টার্স ইউনিটি, জাতীয় সাংবাদিক সংস্থা (মির্জাপুর শাখা), সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন করা হয়। এরপর সকাল ৮ টায় সারাদেশের ন্যায় মির্জাপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে উপস্থিত সকলেই গেয়ে উঠেন ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’। পরে স্টেডিয়াম মাঠে পুলিশ, আনসার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পরিবেশনায় কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল মালেকের সভাপতিত্বে বক্তৃতা করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি স্থানীয় সাংসদ মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. আজগর হোসেন, মির্জাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মিজানুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার অধ্যাপক দুর্লভ বিশ্বাস, বাজার বণিক সমিতির সভাপতি গোলাম ফারুক সিদ্দিকী প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




