
বাসাইলসংবাদ: সোমবার, ২২এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ ধর্ষণ যেন বাংলাদেশের এক সাধারন ঘটনায় পরিনত হয়েছে। প্রতিদিন কোথাও না কোথাও ধর্ষণসহ যৌন নিপীড়নের ঘটনা ঘটেই চলছে। তাই ‘ধর্ষণমুক্ত নিরাপদ দেশ চাই, মা-বোনদের নিরাপত্তা চাই’ এই শ্লোগানকে সামনে রেখে সাম্প্রতিক সময়ে ফেনীর নুসরাতসহ দেশের সকল ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি ও সকল সহিংসতার প্রতিবাদে টাঙ্গাইলের মির্জাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে মির্জাপুর প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সরকার হিতেশ চন্দ্র পুলক তার বক্তব্যে উদ্বেগ প্রকাশ করে বলেন, আমরা যাদের ওপর ভরসা করি সেই মাদ্রাসা প্রিন্সিপাল, স্কুল শিক্ষক, কলেজ অধ্যক্ষসহ সমাজের উচু স্তরের মানুষরাই যখন ধর্ষণের মতো ঘটনা ঘটায় তখন আমরা কোথায় যাব!
সে সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সাধারণ সম্পাদক প্রমথেশ গোস্বামী শঙ্কর, যুগ্ম সম্পাদক প্রদীপ কুমার শীল, তপন শেঠ, সাংগঠনিক সম্পাদক বিকাশ গোস্বামী, দপ্তর সম্পাদক নারায়ণ চন্দ্র সরকার, উপদেষ্টা পরিষদের সদস্য সাংবাদিক নিরঞ্জন পাল প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




