
বাসাইলসংবাদ: বুধবার, ১৭ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ “সুনীল অর্থনীতি মৎস্য সেক্টরের সমৃদ্ধি” প্রতিপাদ্য সামনে রেখে সারাদেশের ন্যায় মির্জাপুরেও শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০১৯। সপ্তাহব্যাপী এই কর্মসূচী সফল ও মাঠ পর্যায়ে প্রায়োগিক করার লক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ জুলাই) সকাল ১১ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল মালেকের সভাপতিত্বে তার নিজ দাপ্তরিক কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত সাংবাদিক, জনপ্রতিনিধি ও অন্যান্যদের সাথে আলোচনা করে মির্জাপুরে মৎস্য খাত উন্নয়নের জন্য কি করণীয় সে বিষয়ে আলোচনা ও বিভিন্ন তথ্য তুলে ধরেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা প্রণব কুমার কর্মকার।
উল্লেখ, সপ্তাহব্যাপী এই আয়োজনে র্যালী, আলোচনা সভা, মাছের পোনা অবমুক্তকরণ, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, ফরমালিন বিরোধী অভিযান, মোবাইল কোর্ট পরিচালনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মৎস্য চাষ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা, হাট বাজারের মতো জনবহুল স্থানে মৎস্য চাষ বিষয়ক উদ্বুদ্ধকরণ সভা ও মূল্যায়ন, পুরস্কার ও সমাপনী অনুষ্ঠানের কর্মসূচী হাতে নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টসূত্রে জানা গেছে।
বাসাইলসংবাদ/একেবি




