
বাসাইলসংবাদ: সোমবার, ০২ সেপ্টেম্বর, ২০১৯:

নিউজ ডেস্ক : আলোচিত বরগুনায় রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জনের বিরুদ্ধে আদালতে পুলিশ প্রতিবেদন দাখিল করা হয়েছে। আজ রবিবার (১ সেপ্টেম্বর) বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। এছাড়া বন্দুকযুদ্ধে নিহত হওয়ায় প্রধান অভিযুক্ত নয়ন বন্ডকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তবে চার্জশিটে এক নম্বর আসামি রিফাত ফরাজী ও ৭ নম্বর আসামি নিহত রিফাতের স্ত্রী মিন্নির নাম রয়েছে।
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে নয়ন বন্ডের নেতৃত্বে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি হামলাকারীদের সঙ্গে লড়াই করেও তাদের দমাতে পারেননি। গুরুতর আহত রিফাতকে ওইদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
রিফাতকে কুপিয়ে হত্যার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে প্রাথমিকভাবে রিফাতের স্ত্রী মিন্নির সাহসী ভূমিকা দৃশ্যমান হলেও পরবর্তীতে নানা নাটকীয়তায় শেষ পর্যন্ত এই হত্যাকাণ্ডে আসামি হয়ে কারাগারে যেতে হয় মিন্নিকে। তবে মিন্নির বাবা শুরু থেকেই দাবি করে আসছেন, তার মেয়েকে ফাঁসানোর চেষ্টা চলছে।
বাসাইলসংবাদ/একেবি




