
নিউজ ডেস্ক : বৃষ্টি এলে নাচতে মন চায় না, এমন মানুষের খোঁজ কমই পাওয়া যাবে বটে। কিন্তু ব্যস্ত রাস্তায় যানজটে থাকা বাহনগুলোর সামনে ‘বৃষ্টিনাচ’ দিয়েছেন এমন কজন আছেন?

গত সোমবার এ ঘটনা ঘটে রাজধানীতেই। বৃষ্টি হচ্ছিল সে সময়টায়। পুরানা পল্টনের রাস্তায় ঠায় দাঁড়িয়ে যানবাহনগুলো। এমন সময় এক যুবক এগিয়ে গেলেন গাড়িগুলোর দিকে। গায়ে সবুজাভাব টি শার্ট, পরনে খয়ের রঙা প্যান্ট। শুরু করলেন নাচ।
সে নাচ যেন থামতেই চায় না। উল্টো দিকে থাকা কোনো একজন তিন মিনিট ধরে সেই নাচের দৃশ্য ক্যামেরাবন্দি করেন। পরে প্রকাশ করেন সামাজিকমাধ্যম ফেসবুকে। ব্যা, মুহূতের্ই ভাইরাল সেই বৃষ্টিনাচ। যিনি নাচছিলেন, তার নাম কাজল। পুরানা পল্টনে ‘একে ফুড’ নামে একটি খাবারের দোকান আছে তার। পাশাপাশি লন্ড্রিও পরিচালনা করেন তিনি।
কথা হলে কাজল জানান, ছোটবেলায় থিয়েটার, মঞ্চ, নাচ নিয়ে ব্যস্ততা ছিল তার। অভিনয় করেছেন নাট্যশালা ও বেইলি রোডে মঞ্চায়িত শিখণ্ডি কথায়।
তিনি বলেন, ‘নাচতে আমার ভালো লাগে। সেদিন বৃষ্টি হচ্ছিল অনেক। মনটাও বৃষ্টির তালে তালে নাচছিল। তাই নেমে পড়েছিলাম। এতে কে কী মনে করলো, আমার তাতে যায় আসে না। তবে রাস্তায় বাসের লোকগুলো আমাকে উৎসাহ দিচ্ছিল খুব।’ বাসাইলসংবাদ/একেবি




