
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক:
বাসাইল-টাঙ্গাইল সড়কের নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত ব্রিজটি দেবে গিয়ে ভারী যানচলাচল বন্ধ রয়েছে। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা থেকে ভারী যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে ব্রিজটির দু’পাশে। এদিকে হালকা যানবাহন থেকেও যাত্রীরা নেমে পায়ে হেঁটে ব্রিজটি পারাপার হতে দেখা গেছে।

জানা যায়, ব্যস্ততম সড়কটির নাকাছিম এলাকায় লাঙ্গুলিয়া নদীর ওপর নির্মিত এই ব্রিজটি বুধবার (১৩ ফেব্রুয়ারি) দেবে যাওয়ার বিষয়টি নজরে আসে স্থানীয়দের। পরে খবর পেয়ে ব্রিজটিতে যানবাহন চালকদের সচেতন করার জন্য লাল নিশানা টানিয়ে দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিকেলে ব্রিজটি আরও ঢেবে গেলে কর্তৃপক্ষ ভারী যানচলাচল বন্ধ করে দেয়। ফলে চরম দুর্ভোগে পড়ে এই সড়কে যাতায়াতরত যাত্রী সাধারণ। বাসাইল, সখীপুর উপজেলা ছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের সাধারণ মানুষের টাঙ্গাইল শহরে পৌঁছানোর একমাত্র সড়ক এটি। এছাড়াও ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজটের সৃষ্টি হলে বিকল্প হিসেবে এই সড়কটিও ব্যবহার করা হয়।

এ ব্যাপারে বাসাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম বলেন, ‘বিষয়টি তাৎক্ষণিক কর্তৃপক্ষকে জানানো হয়। পরে কর্তৃপক্ষ সেখানে বেইলী ব্রিজ নির্মাণ করার জন্য উদ্যোগ নিয়েছেন। ইতোমধ্যেই সরঞ্জাম আনা হয়েছে।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম তুহীন আলী বলেন, যানজট নিরসনে ব্রিজটির দু’পাশে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




