
নিজস্ব প্রতিবেদক : লবণের সংকট পড়বে এমন গুজব ছড়িয়ে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে বাসাইল উপজেলার বিভিন্ন বাজারে ইতোমধ্যেই লবণ অতিরিক্ত দামে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। লবণ সংকট পড়বে এমন গুজব বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়লে সোমবার (১৮ নভেম্বর) সন্ধ্যা থেকে ক্রেতারা লবণ কিনতে দোকানে গিয়ে ভির জমাচ্ছে। কোনো কোনো ক্রেতা ৫ প্যাকেট থেকে এক বস্তা পর্যন্ত লবণ ক্রয় করছেন। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকেও উপজেলা বিভিন্ন এলাকায় একই চিত্রের খবর পাওয়া যাচ্ছে।

জানা যায়, লবণ সংকট পড়বে এমন গুজব উপজেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। আর এ গুজবে কান দিয়ে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ লবণ কিনতে বাসাইল বাজার, কাউলজানী, তিরঞ্চ, নাকাছিম, বাথুলীসাদী ও রাশড়া বাজারসহ বিভিন্ন এলাকার দোকানে দোকানে ভির করছে। ফলে অস্থির হয়ে উঠছে স্থানীয় বাজারগুলো। আর কোনো কোনো অসাধু ব্যবসায়ীরা এ গুজরেব সুযোগ নিয়ে ৩০ টাকা প্যাকেটের লবণ ৫০ থেকে ৭৫ পর্যন্ত টাকা দরে বিক্রি করছে বলে অভিযোগ উঠেছে। আবার কেউ কেউ লবণ মজুদ থাকতেও আরও বেশি দামের আশায় লবণ নেই বলে ক্রেতাদের ফিরিয়ে দিচ্ছে।
এদিকে, বাসাইল বাজারে প্রতি প্যাকেট ৫০ থেকে ৭০ টাকা দরে বিক্রির খবর পেয়ে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বণিক সমিতির কর্মকর্তাদের নিয়ে কৃত্রিম সংকট নিরশনে বৈঠক করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না বলেন, ‘বণিক সমিতির নেতাদের নিয়ে বৈঠক করা হয়েছে। বৈঠকে লবণের কোনো সংকট নেই বলে সঠিক দামে লবণ বিক্রির নির্দেশনা প্রদান করা হয়। সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের মাধ্যমে স্ব-স্ব স্থানীয় বাজারে ব্যবসায়ীদেরকে সতর্ক করার নির্দেশ দেয়া হয়। এ সিদ্ধান্তের পর যদি কোনো ব্যবসায়ী অতিরিক্ত দামে লবণ বিক্রি করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’




