
বাসাইলসংবাদ: শুক্রবার, ০২ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের বাসাইলে ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে দুইদিন ব্যাপী উপজেলার বিভিন্ন নাগরিকদের সচেতনা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প (টএউচ), স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র সহযোগিতায় এবং উপজেলা সাব-রেজিস্ট্রার কার্যালয়ের বাস্তবায়নে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। বুধবার (৩১ জুলাই) ও বৃহস্পতিবার (০১ আগস্ট) উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শামছুন নাহার স্বপ্না। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাসাইল পৌর সভার মেয়র আব্দুর রহিম আহমেদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাদত হোসেন খান, মলি আক্তার, জাইকা প্রতিনিধি রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন- যুগ্ম জেলা ও দায়রা জজ প্রথম আদালত টাঙ্গাইলের মো. সুরুজ সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুন নাহার, জেলা রেজিস্ট্রার আব্দুস সালাম ও উপজেলা সাব-রেজিস্টার মো. শাহাজাহান আলী। কর্মশালায় দুইটি ব্যাচে উপজেলার বিভিন্ন পর্যায়ের ৪০জন করে মোট ৮০জন নারী-পুরুষ অংশ নেন। ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনকল্পে এই প্রশিক্ষণের মূল পরিকল্পনা করেন বাসাইল উপজেলা সাব-রেজিস্ট্রার মো. শাহাজাহান আলী।
বাসাইলসংবাদ/একেবি




