
বাসাইল সংবাদ: বুধবার, ২৬ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে জমি নিয়ে বিরোধের জের ধরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল ২৫ এপ্রিল বিকেলে উপজেলার ফুলকি ইউনিয়নের হাট বালিয়া গ্রামে।
পারিবারিক সুত্রে জানা যায়, উপজেলার হাট বালিয়া দক্ষিণপাড়া গ্রামের মৃত সুমেজ উদ্দিনের ছেলে হানিফ (৫০) ও দুলাল (৪৫) এর সাথে জমি ভাগবন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। দু’পক্ষের পাল্টাপাল্টি মামলাও চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ছোট ভাই দুলালের মামলার তদন্ত করতে যায় বাসাইল থানা পুলিশ। নিহতের স্বজনরা জানান, পুলিশ চলে যাওয়ার পর বড় ভাই হানিফ ওরফে হানিফাসহ কয়েকজনে মিলে ছোট ভাই দুলালের ওপর আক্রমন করে। এতে দুলাল গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করে।
নিহতের স্ত্রী সুফিয়া বেগম বলেন, দীর্ঘদিন ধরে জমি নিয়ে মামলা চলছিল। পুলিশ ঐ মামলার তদন্ত করে যাওয়ার পর আমার স্বামীকে ওরা কয়েকজনে মিলে লাঠি দিয়ে পিটিয়ে ও দা দিয়ে কুপিয়ে মেরে ফেলেছে। এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম ঘটনার সত্যতা স্বাীকার করে বলেন এ ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




