
বাসাইল সংবাদ: মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০১৭:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে ডলার ব্যবসার লোভ দেখিয়ে দেড় লক্ষ টাকা হাতিয়ে নিয়ে লাপাত্তা জনৈক ফেরিওয়ালা। ঘটনাটি ঘটেছে উপজেলার ফুলকি মধ্যপাড়া গ্রামে।
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর এলাকায় অবস্থান করে ফরিদপুরের জনৈক ফেরিওয়ালা সিটি গোল্ডের গহনা বিক্রি করার অজুহাতে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে বেড়ায়। এরই ধারাবাহিকতায় ফুলকি মধ্যপাড়ার মুক্তার আলীর (৬০) বাড়িতে ফেরি করতে আসে। বিভিন্ন কৌশলে মোটা অংকের টাকা লাভের লোভ দেখিয়ে মুক্তার আলীকে ঐ ফেরিওয়ালা তার প্রতারণার ফাঁদে ফেলে নগদ দেড় লক্ষ টাকা হাতিয়ে নেয়। অনেক কষ্টার্জিত টাকা হারিয়ে বৃদ্ধ ব্যক্তিটি এখন দিশেহারা।
জানা যায়, প্রতারণার শিকার মুক্তার আলীকে ফেরিওয়ালা ডলার ব্যবসার প্রস্তাব দিলে সে রাজি না হওয়ায় প্রসঙ্গটি পাল্টে দিয়ে অত্যন্ত সু-কৌশলে একটি অষ্টধাতুর আংটি পড়িয়ে দেয় এবং একটি পঞ্চাশ টাকা সৌদি রিয়াল বিক্রি করে দিতে বলে। রিয়ালটি বিক্রি করার বিনিময়ে সে মুক্তার আলীকে আড়াই’শ টাকা দেয়। পরের দিন ২০ এপ্রিল বিকেলে ঐ ফেরিওয়ালা মুক্তার আলীর বাড়িতে এসে জানায় টাঙ্গাইলের এক ব্যক্তির কাছে প্রায় আড়াই লক্ষ টাকা মূল্যের ডলার আছে যা দেড় লক্ষ টাকা দিয়ে কেনা যাবে। লোভে পড়ে মুক্তার আলী টাকা দিতে রাজি হয়। পরের দিন ২১ এপ্রিল শুক্রবার ফেরিওয়ালা টাকা নিয়ে ঘারিন্দা রেল গেইট এলাকায় যেতে বলে। নাম না জানা ফেরিওয়ালার কথামত টাকাগুলো নিয়ে মুক্তার আলী রেল গেইট গিয়ে ফেরিওয়ালার মোবাইল ফোনে কল দিলে তাকে ঘারিন্দা (বিশ্ব রোডের) বাইপাস যেতে বলে। সেখানে গিয়ে ঐ ফেরিওয়ালার সাথে আরও দুজন অপরিচিত লোক দেখতে পায়। তাদের নিকট টাকা গুলো দিতে বলে। টাকা হাতে নিয়ে মুক্তার আলীকে অপেক্ষা করতে বলে। কিন্তু দীর্ঘ সময় অপেক্ষার পরও প্রতারক চক্র আর ফিরে আসেনি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
প্রতারণার শিকার মুক্তার আলী জানান, আমাকে ফেরিওয়ালা সিটি গোল্ড বিক্রি করতে এসে একটি অষ্টধাতুর আংটি পড়িয়ে দেয়। সে আংটি পরার পর আমি তার সব কথায় রাজি হয়ে তার কথামতো ঘারিন্দা রেইল গেটে গিয়ে ফোন দিলে সে আমাকে ঘারিন্দা বিশ্ব রোডের বাইপাস যেতে বলে। সেখানে ফাঁকা জায়গায় নিয়ে আমার কাছে থেকে দেড় লক্ষ টাকা নিয়ে আমাকে দাড় করিয়ে রেখে ডলারের জন্য চলে যায়। সেই যে গেল আর ফিরে আসেনি। ফেরিওয়ার নাম জানা নেই তবে তার মোবাইল নম্বর আছে (০১৬৩৩-১৭৩৬৬৯)।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




