
বাসাইল সংবাদ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০১৭:

এনায়েত করিম বিজয়:
মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে টাঙ্গাইলের বাসাইলে প্রথমবারের মতো তিন দিনব্যাপী একুশে বই মেলার সফল সমাপ্তি ঘটেছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা পরিষদের সহযোগিতায় বাসাইল কেন্দ্রীয় শহীদ মিনার চত্তরে এ বই মেলা অনুষ্ঠিত হয়। এতে বাসাইল সংবাদ ২৪ ডট কম ও পথের দাবী ব্লাড ডোনার ক্লাব দুটি ব্যতিক্রমি স্টলসহ পুস্তক ব্যবসায়ী, প্রকাশনী ও বিভিন্ন স্বনামধন্য কবি, কথা সাহিত্যিক, ছড়াকারসহ বিভিন্ন লেখকদের বিচিত্র বইয়ের সমাহারের আরো ১৫টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ গ্রহন করেন। প্রথম দিনে না হলেও দ্বিতীয় দিন থেকে পাঠক প্রেমিক জনতা ছাত্র-ছাত্রী এবং জ্ঞানপিপাসু বই প্রেমিকদের উপচে পড়া ভীর ছিল প্রতিটি স্টলে। খন্দকার বুক ডিপো’র পরিচালক খন্দকার হারুন অর রশিদ বলেন এই প্রথম বাসাইলে বই মেলা অনুষ্ঠিত হল, বিক্রিও হয়েছে সন্তোষজনক।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সায়মা আক্তার বলেন অল্প সময়ের মধ্যে আমরা এ মেলার আয়োজন করেছি, প্রথমে হতাশ হয়েছিলাম কিন্তু দ্বিতীয় দিন থেকে সমাপনী দিন পর্যন্ত বই মেলা চত্তর বিভিন্ন এলাকার মানুষের মিলন মেলায় পরিনত হয়েছিল। আমি মনে করি বাসাইলে প্রথমবারের বই মেলা সফলতা পেয়েছে। পাঠক তৈরি ও বই প্রেমিদের বই পড়ার আগ্রহ বৃদ্ধির ক্ষেত্রে ইনশাল্লাহ প্রতি বছর আমরা আরো বৃহৎ কলেবরে একুশে বই মেলা করার পরিকল্পনা রয়েছে। আশা করি আগামীতে আরো প্রতিষ্ঠান মেলায় অংশ গ্রহন করবে। বই কিনতে আসা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম জানান, বহুল প্রতিক্ষিত এ মেলায় বই কিনতে এসে খুব ভাল লেগেছে, আমি নিজের পছন্দ ও বাচ্চাদের পছন্দের বেশ কিছু বই কিনলাম। এ রকম বই মেলায় বই প্রেমি পাঠক, ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হয়েছে। ভবিষ্যতে বাসাইলে বই মেলায় আরো বেশি প্রতিষ্ঠান ও ক্রেতাদের অংশ গ্রহন বই মেলাকে আরো সমৃদ্ধ করবে এ প্রত্যাশা করছি।

এদিকে দিবসটি উপলক্ষ্যে বই মেলার পাশাপাশি মুক্তমঞ্চে গ্রহন করা হয় বিভিন্ন কর্মসূচি । এর মধ্যে ছিল শিশু কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা, আবৃতি, শুদ্ধ বানান, সাংস্কৃতিক প্রতিযোগিতা, র্যাফেল ড্র, ভাষা আন্দোলনের প্রামান্য চিত্র প্রদর্শন ও রচনা প্রতিযোগিতাসহ মাদক বিরোধী আলোচনা, করটিয়া সা’দত কলেজের আয়োজনে বাল্য বিবাহ’কে না বলুন শীর্ষক আলোচনা সভা, টাঙ্গাইল জেলা তথ্য অফিস আয়োজিত সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে বিশেষ আলোচনা এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গৌরব গাঁথা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ গ্রহন করেন বাসাইল-সখীপুরের এমপি অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইলের জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনোয়ার হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম, টাঙ্গাইল জেলা সিনিয়র তথ্য অফিসার কাজী গোলাম আহাদ, উপজেলা নির্বাহী অফিসার সায়মা আক্তার, উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শহীদুল ইসলাম, সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যাপক শফিকুল ইসলাম খান, বাসাইল পৌর মেয়র মজিবর রহমান, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল আহসান, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ নুরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম আহম্মেদ, বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নুরুল ইসলাম খান প্রমুখ।
বাসাইল সংবাদ/একে
সকলের অবগতির জন্য অনুগ্রহ পূর্বক নিউজটি শেয়ার করুন




