
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার , ২১ মার্চ, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলের বাসাইলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্রপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ নেওয়ায় উপজেলা আওয়ামী লীগের একাংশ হাজী মতিয়ার রহমান গাউস গ্রুপের পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের ১নং সহ-সভাপতি সামছুল আলম মাষ্টারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
গত বুধবার (২০ মার্চ) তাদের দলীয় প্যাডে এ সিদ্ধান্তের বিষয়ে বাসাইল প্রেসক্লাবে সাংবাদিকদের অবহিত করেন তারা। এসময় এক সংক্ষিপ্ত বক্তব্যে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও নৌকা প্রতীকের সমর্থক সাত্তার জমাদার উপজেলা অওয়ামী লীগের সভাপতির পদ থেকে কাজী অলিদ ইসলামকে অব্যাহতি প্রদানের বিষয়টি পাঠ করে শুনান এবং গণমাধ্যমে তা প্রকাশের জন্য অনুরোধ করেন।
হাজী মতিয়ার রহমান গাউস গ্রুপের নেতাকর্মীরা জানান, গত মঙ্গলবার (১৯ মার্চ) উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে কাযনির্বাহী পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত হয়।
এই সভায় কাজী অলিদ ইসলাম ও সামছুল আলম মাষ্টারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা শাখার সহ-সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট ওয়ারেছ আলী মিয়া, সহ-সভাপতি রফিকুল ইসলাম, একে আজাদ খানশূর, রতন মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ মিয়া, শিক্ষা বিষয়ক সম্পাদক আলমগীর মিয়া, শ্রমবিষয়ক সম্পাদক আব্দুল্লাহেল কাফি খান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম, শাহ আলম ও শাহাদৎ হোসেন।
এব্যাপারে কাজী অলিদ ইসলাম বলেন, ‘দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ব্যাপারে দল থেকে কোনও নিষেধাজ্ঞা নেই বরং কেন্দ্রীয় আওয়ামী লীগের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন স্বতন্ত্রপ্রার্থী হয়ে কেউ নির্বাচনে বিজয়ী হতে পারলে তাকে স্বাগত জানানো হবে। একারণেই আমি স্বতন্ত্রপ্রার্থী হয়েছি।’
তিনি আরও বলেন- ‘আমাকে সভাপতি পদ থেকে অব্যাহতি দেওয়ার এখতিয়ার তাদের নেই। তিনি দাবী করেন ৭১ সদস্যের উপজেলা কমিটির মধ্যে ৫৫জন সদস্যই আমার পক্ষে নির্বাচনের কাজ করছে। সাত্তার জমাদার উপজেলা কমিটির সহ-সভাপতির পদে নেই, কাজেই তার সভাপতিত্বে যে কোনও সিদ্ধান্ত বে-আইনি।’
প্রসঙ্গত, এ উপজেলায় নৌকার টিকিট পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মতিয়ার রহমান গাউস। অপরদিকে নৌকার বিদ্রোহী প্রার্থী হয়ে আনারস প্রতীকে মাঠে নেমেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম। কাজী অলিদ ইসলাম মনোনয়ন যুদ্ধে এগিয়ে থাকলেও শেষ পর্যন্ত এসে তিনি মনোনয়নবঞ্চিত হন। এরপরই তিনি স্বতন্ত্রপ্রার্থী হয়ে মাঠে থাকার ঘোষনা দেন। গত ৪ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার আগ মূহুর্তে বাসাইল বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগের দুই গ্রুপে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়। এ ঘটনার পর থেকে আওয়ামী লীগের দুই গ্রুপের মাঝে উত্তেজনা বিরাজ করছে।
বাসাইলসংবাদ/একেবি




