
বাসাইলসংবাদ: সোমবার, ২৪ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন ও ককটেল বিষ্ফোরণের অভিযোগে ঐক্যফ্রন্ট সমর্থক ৭০জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও আরও অজ্ঞাতনামা ৫০-৬০জনের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। এঘটনায় রবিবার (২৩ ডিসেম্বর) রাতে উপজেলার কলিয়া ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আওলাদ হোসেনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, উপজেলার হাবলা ইউনিয়নের মটরা পূর্বপাড়া গ্রামে গত ২২ ডিসেম্বর রাত ৯টার দিকে নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন, ককটেল বিষ্ফোরণ ও আওয়ামী লীগের কয়েকজন সমর্থককে মারধর করে ঐক্যফ্রন্ট সমর্থক নেতাকর্মীরা। এঘটনায় হাবলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দুলাল বাদি হয়ে রবিবার (২৩ ডিসেম্বর) রাতে বাসাইল থানায় মামলা দায়ের করে। এ মামলায় উপজেলার বিভিন্ন এলাকার ঐক্যফ্রন্ট সমর্থক ৭০জন নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর হোসেন বলেন, ‘নৌকা মার্কার নির্বাচনী অফিসে আগুন, ককটেল বিষ্ফোরণ ও সমর্থকদের মারধরের অভিযোগে মামলা হয়েছে। এঘটনায় একজনকে আটক করা হয়েছে।’
বাসাইলসংবাদ/একে




