
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ০৩ সেপ্টেম্বর, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : পানি সম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, অবৈধ বালু খেকোদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। তাদের কোন দলীয় পরিচয় বিবেচনা করা হবে না। সোমবার (২ সেপ্টেম্বর) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে বংশাই নদীর লতীফপুর ইউনিয়নের যোগীরকোফা, ফতেপুর ইউনিয়নের থলপাড়া, ফতেপুর, সুতানরি, বানকাটা পারদিঘী ভাঙনকবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেন, সরকার নদী ভাঙন এলাকার দিকে বিশেষ নজর দিয়েছে। ভাঙনকবলিত এলাকার মানুষের কথা চিন্তা করে বিভিন্ন প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর মধ্যে ডিপিটি, ডাম্পিং এবং নদী ড্রেজিং।
তিনি আরও বলেন, মির্জাপুরের নদী ভাঙনকবলিত এলাকার জন্য ১১৫ কোটি টাকার ডিপিটি প্রকল্প হাতে নেয়া হয়েছে এবং ৪শ’ কোটি টাকা ব্যয়ে বংশাই নদীতে ড্রেজিং করা হবে। যে এলাকার অবস্থা বেশি ভাঙনকবলিত সেখানে দ্রুত ডাম্পিং শুরু করার নির্দেশ দেয়া হয়েছে। সরকার নদী ভাঙন নিয়ে সচেতন রয়েছে ও গত বছরের চাইতে এ বছর নদী ভাঙনে ক্ষতির পরিমাণ কম বলে দাবি করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- স্থানীয় সংসদ সদস্য একাব্বর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী উকিল বিশ্বাস, প্রধান নির্বাহী কর্মকর্তা সিরাজুল ইসলাম, মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল মালেক, সহকারী পুলিশ সুপার মির্জাপুর সার্কেল দিপঙ্কর ঘোষ, সহকারি কমিশনার (ভূমি) মাঈনুল হক প্রমুখ।
বাসাইলসংবাদ/একেবি




