
নিউজ ডেস্ক : লকডাউনের মধ্যে প্রশাসনের নিষেধ উপেক্ষা করে নওগাঁর ধামইরহাট উপজেলায় বিয়ে করতে গিয়ে বিপাকে পড়েছেন এক বর। বিয়ের আসরে ভ্রাম্যমাণ আদালত উপস্থিত হলে বউ রেখেই পালিয়ে যান তিনি। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার উমার ইউনিয়নের বড়পুকুর গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ধামইরহাট উপজেলা ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া কনের বাবা ফেরদৌস হোসেনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট শাহীন মিয়া বলেন, ‘শুক্রবার বিকেলে ওই বিয়ের আয়োজন করা হয়। ফেরদৌস হোসেনের মেয়ের (১৫) সঙ্গে পাশের মইশড় গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সৌদি আরব প্রবাসী আবু সাঈদের (৩০) বিয়ের প্রস্তুতি চলছিল। নির্ধারিত সময়ে বরপক্ষ লোকজন নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয়। সেখানে জনসমাগম করে বিয়ের আয়োজনের খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হই। আমি যাওয়ার পর বর ও বরযাত্রীর সবাই পালিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে বর পক্ষের কাউকে খুঁজে না পেয়ে সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। এই সময় করোনা পরিস্থিতিতে লোক জমায়েত করার অপরাধে মেয়ের বাবাকে জরিমানা করা হয়।’
প্রসঙ্গত, গত বুধবার নওগাঁ জেলাকে লকডাউন ঘোষণা করে প্রশাসন। সেদিন দুপুরে জেলা প্রশাসক হারুন-অর-রশীদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।
…বাসাইলসংবাদ/ ১৮ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




