
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের নাগরপুরে সিঁধ কেটে চুরি করতে গিয়ে জনগণের হাতে ধরা খেলেন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি সদস্য শাহীন খান। এমনই অভিযোগ স্থানীয়দের। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শাহীন খান উপজেলার সহবতপুর ইউনিয়নের নন্দপাড়ার ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য।
স্থানীয়রা জানান, শুক্রবার দিবাগত রাতে শাহীন খান নন্দপাড়া গ্রামের হাশেম মিয়ার বাড়িতে সিঁধ কেটে চুরি করতে গেলে স্থানীয়রা তাকে আটক করে। এঘটনায় তাকে গণধোলাই দিয়ে তারা পুলিশে সোপর্দ করে। শাহীনের বিরুদ্ধে এরআগেও চুরির অভিযোগ রয়েছে। ইউপি সদস্য পদে নির্বাচিত হওয়ার পর কিছুদিন ভালোভাবে চললেও আবার তার উপদ্রব বেড়ে যায় বলে স্থানীয়দের দাবি।
হাশেম মিয়ার ছেলে ওসমান গনি বলেন, ‘শুক্রবার রাতে বাড়ির পাশের জমিতে সেচের পানি দিয়ে বাড়িতে আসি। এরপর টর্চের আলো জ্বালালে শাহীনকে দৌঁড়ে পালাতে দেখি। এসময় আমি ও আমার পরিবারের সদস্যদের ডাকচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে শাহীনকে আটক করে। ধস্তাধস্তির একপর্যায়ে গ্রামবাসী শাহীনকে পিটিয়ে গাছের সাথে বেঁধে পুলিশকে খবর দেয়।’
স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল হোসেন মোল্লা বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। ঘটনাস্থলে স্থানীয় ইউপি সদস্য তোফাজ্জল হোসেন গিয়ে তাকে উদ্ধার করে পুলিশে সোপর্দ করে।’
উপজেলার সহবতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ বলেন, ‘ঘটনাটি জানার পর স্থানীয় আওয়ামী লীগের ৫সদস্যকে খোঁজ নিতে বলা হয়। এরপর তারা আমাকে জানায় শাহীনকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে।’
তিনি আরও বলেন, ‘শাহীন খান প্রায় ২০ বছর আগে মুরগি চুরি করতো। স্থানীয়রা তাকে ভালো হওয়ার সুযোগ দিয়ে ইউপি সদস্য পদে নির্বাচিত করেন। এরপর প্রায় ৩ বছর আগে তাকে ভোটের মাধ্যমে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে নির্বাচিত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
নাগরপুর থানার উপ-পরিদর্শক নূর মোহাম্মদ বলেন, ‘এক ব্যক্তিকে পিটিয়ে আহত করার খবর পেয়ে তাকে উদ্ধার করা হয়। তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
…বাসাইলসংবাদ/ ১৮ এপ্রিল, ২০২০ /একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




