
বাসাইলসংবাদ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইলে গাছ থেকে অজ্ঞাত ব্যক্তির (৩৫) ঝুলন্ত লাশ উদ্ধার হওয়ার একদিন পর তার পরিচয় সনাক্ত করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে নিহতের পরিবার তার পরিচয় সনাক্ত করেন। বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম এ তথ্যটি নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তির নাম শরিফুল ইসলাম। তিনি ঝিনাইদহ সদর উপজেলার বোড়াই গ্রামের বশির উদ্দিনের ছেলে।
পুুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, নিহত শরিফুল ইট ভাটাসহ বিভিন্ন জায়গায় দিনমজুরের কাজ করতেন। তার গ্রামে বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে তিনি কিস্তি চালাতে পারছিলেন না। এজন্য তিনি তার স্ত্রী শাহানাজকে নিয়ে সাভারের আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভাড়া বাসায় থেকে কাজ করতো। গত শনিবার তিনি তার স্ত্রীর সাথে কিস্তির টাকা নিয়ে বাকবিতন্ডা হয়। পরে তিনি গ্রামের বাড়ি যাওয়ার কথা বলে আশুলিয়ার ভাড়া বাসা থেকে বের হন। একপর্যায় তিনি গাড়ি থেকে নেমে গিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন বাসাইল উপজেলার গুল্যা এলাকার একটি পরিত্যক্ত ভিটেবাড়ির গাছের মগডালে লুঙ্গি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। পরে গত বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টার দিকে খবর পেয়ে ওই গাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে বাসাইল থানা পুলিশ।
বাসাইল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাহাঙ্গীর আলম বলেন, ‘বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে খবর পেয়ে নিহতের পরিবার এসে তার লাশ সনাক্ত করে। পরে নিহতের পরিবারের কাছে নিহতের লাশ হস্তান্তর করা হয়েছে। এঘটনায় নিহতের পরিবারের কোনও অভিযোগ নেই।’
বাসাইলসংবাদ/একেবি




