
বাসাইলসংবাদ: রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৯:

॥ জোবায়ের হোসেন ॥
বই মেলায় দিন দিন পাঠকপ্রিয়তা পাচ্ছে মালেক মুস্তাকিম রচিত উপন্যাস “নগরপুরুষ”। তরুণ কবি ও কথাসাহিত্যিক হিসেবে ইতোমধ্যেই তিনি বেশ সুনাম কুড়িয়েছেন। কবিতা দিয়ে বাংলা সাহিত্যের পথচলা শুরু তার। তার প্রথম কাব্যগ্রন্থ “ ভুলের ভূগোল” পাঠক সমাজে ব্যাপকভাবে সমাধৃত হয়। পরবর্তীতে “বিষন্নতাবিরোধী চুম্বণগুলি” ও “তোমার সাথে হাটে আমার ছায়া” কাব্যগ্রন্থ দুটিও পাঠককে নাড়া দেয়। ভাবনা ও ভাষার সুতীব্র সংঘাতে জীবন উপলব্দীর জটিলতা মালেক মুস্তাকিমের কবিতার বিষয় বস্তু। কবিতার পাশাপাশি তিনি গল্প লেখা শুরু করেন। লিখেন “দেয়ালমুখী” নামের একটি উপন্যাস যা তরুণ-তরণীদের কাছে তাকে নতুন করে পরিচয় করিয়ে দেয়। প্যারাসাইকোলজি ধাঁচের কিশোর উপন্যাস “ঘুম কুমার” জানান দেয় মালেক মুস্তাকিমের হাত কতটা শক্তিশালী। কিশোরদের মাঝে বইটি ব্যাপক হইচই ফেলে।
এবারের বই মেলায়ও প্রকাশিত হয়েছে তার রচিত উপন্যাস “নগরপুরুষ”। যা যুবক-যুবতীদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। ভিন্ন ধারার গল্প এবং গল্পের উপস্থাপন ভঙ্গি পাঠকের মন জয় করে চলেছে। সাবলীল ভাষার ঝরঝরে লেখনি শুরু করলে শেষ না করে উঠতে মন চায় না, কান পাতলেই তার লেখায় পাওয়া যায় আধুনিক সময়ের সুর, এ যেন যাপিত জীবনের অন্তরালে চেনা-অচেনা দ্বন্দ্বে ঘুরপাক খাওয়া অন্য জীবন। বেশ কয়েকজন পাঠকের সাথে কথা হলে এভাবেই বর্ণনা করেন তরুণ এই কবির লেখা নিয়ে।
“নগরপুরুষ” উপন্যাসের বিষয়বস্তু সম্পর্কে মালেক মুস্তাকিম জানান, “ এক জীবনে আমরা অসংখ্য জীবন যাপন করছি। যে জীবন আমরা যাপন করছি তার বাইরেও আমাদের জীবন রয়েছে। গোপনে গোপনে যাপিত সেই জীবনের কিছু জটিল ঘটনা প্রবাহ নিয়েই “নগরপুরুষ”
“নগরপুরুষ” উপন্যাসটি পাওয়া যাচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বইমেলার ইস্তামিন প্রকাশনের ৩৬৫ নং স্টলে। “নগরপুরুষ”সহ মালেক মুস্তাকিমের অন্যান্য বইগুলোও পাওয়া যাচ্ছে মির্জাপুরের বাংলাদেশ লাইব্রেরীতে।
উল্লেখ্য, টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্বপালন করা মালেক মুস্তাকিম (আবদুল মালেক) ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। পেশায় সরকারি চাকুরি হলেও নেশা তার লেখালেখি। বাংলা সাহিত্য নিয়ে অনেক দূর এগিয়ে যেতে চান তরুণ এই কবি ও কথাসাহিত্যিক।
বাসাইলসংবাদ/একেবি




