
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ২০ নভেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের নাগরপুরে রোগীদের দূর্ভোগ ও অনিয়মের তথ্যচিত্র সংগ্রহ করতে গিয়ে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ টাঙ্গাইলের ক্যামেরাপার্সন আশিকুর রহমান শহিদকে প্রায় ১ঘন্টা অবরুদ্ধ করে রাখে কর্তব্যরত চিকিৎসকরা। সংবাদ পেয়ে স্থানীয় সাংবাদিকদের হস্তক্ষেপে সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। এঘটনায় সাংবাদিকদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। মঙ্গলবার (২০ নভেম্বর) সকালে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।
জানা যায়, ডিবিসি নিউজের ক্যামেরাপার্সন আশিকুর রহমান শহিদ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তথ্য সংগ্রহ করতে নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যায়। হাসপাতালের তত্বাবধায়কের কক্ষ ও পরে চিকিৎসকদের কক্ষে গিয়ে কাউকে না পেয়ে আশিকুর সেখানকার ভিডিও ধারণ করতে থাকে। এসময় ওই হাসপাতালের চিকিৎসক শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভিডিও ধারণে বাধা দেন এবং নানাভাবে ক্যামেরাপার্সনকে নাজেহাল করতে থাকে। এক পর্যায়ে তাকে তত্বাবধায়কের কক্ষে নিয়ে অবরুদ্ধ করে রাখে এবং তার ওপর স্নায়ুচাপ সৃষ্টি করতে থাকে। এ ঘটনা ছড়িয়ে পড়লে স্থানীয় সাংবাদিকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ক্যামেরাপার্সন আশিকুর রহমানকে উদ্ধার করে।
আশিকুর রহমান শহিদ জানান, ‘তথ্য সংগ্রহ করতে গেলে হাসপাতালের তত্বাবধায়কের কক্ষ ও পরে চিকিৎসকদের কক্ষে গিয়ে কাউকে না পেয়ে সেখানকার ভিডিও ধারণ করতে থাকি। এসময় ওই হাসপাতালের চিকিৎসক শরিফুল ইসলাম ঘটনাস্থলে এসে ভিডিও ধারণে বাধা দেন এবং নানাভাবে নাজেহাল এবং একটি রুমে আটকিয়ে রাখে।’
ডিবিসি নিউজের টাঙ্গাইল প্রতিনিধি সোহেল তালুকদার জানান, ক্যামেরাপার্সন আশিক তার পরিচয় দেয়ার পরেও পেশাগত কাজে সহযোগীতা না করে উল্টো ১ঘন্টারও অধিক সময় অবরুদ্ধ করে তাকে নানাভাবে নাজেহাল করেছেন।
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রোকনুজ্জামান ক্যামেরাপার্সনকে অবরুদ্ধ করার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘তাকে একটি কক্ষে নিয়ে শুধুমাত্র তার পরিচয় পত্র চাওয়া হয়েছে।’
এদিকে এ ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় সাংবাদিকরা। তারা অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ হাসপাতালের স্বাভাবিক পরিবেশের দাবি জানান।
বাসাইলসংবাদ/একে




