
বাসাইলসংবাদ: রবিবার, ২১এপ্রিল, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, নাগরপুর : ‘কেমন নাগরপুর-দেলদুয়ার চাই’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বর্তমান সরকারের নাগরপুর-দেলদুয়ার উপজেলায় চলমান উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি ও আগামীতে কি ধরণের উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে সেসব বিষয়ে টাঙ্গাইলের নাগরপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২১ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে নাগরপুর উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের জাতীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের টাঙ্গাইল শাখার উপপরিচালক শরিফ নজরুল ইসলাম, নাগরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ দুলাল, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা নাদিরা আক্তার, নাগরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন মনিরা। এসময় নাগরপুর-দেলদুয়ার উপজেলার বিভিন্ন স্তরের সরকারি কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় স্থানীয় সাংসদ আগামী দিনে নাগরপুর-দেলদুয়ারকে ঢেলে সাজাতে সকলের সহযোগিতা চান। তিনি ভবিষ্যতে কি রকম নাগরপুর-দেলদুয়ার দেখতে চান সে ভাবনার বিষয়টি উপস্থিত সকলের সাথে বিনিময় করেন, পাশাপাশি নাগরপুর-দেলদুয়ার নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারন মানুষের মতামত গ্রহণ করেন। এ ছাড়াও মতবিনিময় সভায় ঢাকা থেকে আগত একদল নগর পরিকল্পনাবিদ উপস্থিত সকলের মাঝে নাগরপুর-দেলদুয়ার নিয়ে তাদের নিজস্ব ভাবনা ও পরিকল্পনা উপস্থাপন করেন। মতবিনিময় সভায় উপস্থিত সকলে আগামীর নাগরপুর-দেলদুয়ার নিয়ে যার যার অবস্থান থেকে তার নিজস্ব মতামত তুলে ধরেন এবং চলমান প্রকল্পগুলো যেন যথাযথভাবে শেষ হয় সেসব বিষয়ে আলোচনা করেন।
বাসাইলসংবাদ/একেবি




