
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৮জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে লৌহজং নদীতে স্ত্রী ও ছোট বোনকে নিয়ে গোসল করতে নেমেছিলেন নীরব মিয়া (২৪) নামের এক যুবক। এসময় নদীর প্রবল স্রোতে ছোট বোন সুমাইয়া (০৮) যখন ডুবে যাচ্ছিল তখন তাকে বাঁচাতে এগিয়ে যায় বড় ভাই নীরব। স্ত্রীর সহায়তায় ছোট বোনকে রক্ষা করতে পাড়লেও সেসময় নীরব নিজেই নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয়। সোমবার (১৭ জুন) দুপুরে উপজেলার জামুর্কী ইউনিয়নের গুনুটিয়া গ্রামে লৌহজং নদীতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ওইদিন মির্জাপুর ফায়ার সার্ভিসের একদল ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে প্রথম দফায় বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করতে পারেনি। পরে মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নিখোঁজ নীরবের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিহত নীরব উপজেলার বানাইল ইউনিয়নের গল্লী গ্রামের ফজলুল হকের ছেলে। বিবাহিত জীবনে নীরবের আড়াই বৎসরের এক সন্তান রয়েছে।
মির্জাপুর ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান আব্দুর রশিদ বলেন, ‘দীর্ঘ সময় চেষ্টা চালিয়ে মঙ্গলবার (১৮ জুন) বেলা ১১টার দিকে নীরবের লাশ উদ্ধার করতে পেরেছি।’
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া যুবকের লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লাশটি থানায় এনে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’
বাসাইলসংবাদ/একেবি




