
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২০ ডিসেম্বর, ২০১৮:

বাসাইলসংবাদ ডেস্ক :
দীর্ঘ ১২ বছর ক্ষমতায় নেই বিএনপি। তারওপর দলের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের অযোগ্যতায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচন বয়কট করে পাঁচ বছর সংসদের বাইরে। ক্ষমতাহীন দুই যুগে কোণঠাসা বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দলীয় কোন্দলে জর্জরিত। যার বিপজ্জ্বনক প্রভাব পড়েছে বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমীন ছবির নির্বাচনী আসনে।
দুলু নির্বাচনে অযোগ্য হওয়ায় এবার নাটোর-২ আসনে বিএনপির পক্ষে নির্বাচন করছে দুলুর স্ত্রী ছবি। অপরদিকে আসনটিতে দুলুকে অবাঞ্চিত ঘোষণা করেছে স্থানীয় বিএনপি একটি অংশ। ফলে এখন আসনটির বিএনপি দুই ভাগে বিভক্ত। বিগত নির্বাচনে দুলু মোটা অংকের টাকার বিনিময়ে মনোনয়ন এবং দলীয় পদ বিক্রির অভিযোগে স্থানীয় বিএনপির একটি অংশ দুলুকে সে আসনে অবাঞ্চিত ঘোষনা করে।
সূত্রে জানা যায়, নাটোরের এই আসনটিতে এর আগেও বিএনপি সমর্থীত ওই অংশটি দুলুর অনুসারিদের ওপর একাধিকবার হামলা চালিয়েছে।
এবার দুলু নির্বাচনে দাঁড়ানোর অযোগ্য হওয়ায় তার স্ত্রী ছবিকে ধানের শীষের দায়িত্ব দেয়া হয়। যার ধারাবাহিকতায় রোববার নাটোরে বিএনপির দুলু সমর্থদের নিয়ে নির্বাচনী প্রচারণায় নামে ছবি। কিন্তু নাটোর শহরের স্টেশন বাজার এলাকায় যারা দুলুকে অবাঞ্চিত ঘোষণা করেছে তাদের একটি সশস্ত্র দল প্রচারণা মিছিলে অতর্কিতে হামলা চালায়। এতে ছবির অনুসারি তিন কর্মী আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নাটোর-২ আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর স্ত্রী সাবিনা ইয়াসমিন ছবি বেলা ১১টার দিকে দলীয় কার্যালয় থেকে নির্বাচনী গণসংযোগ শুরু করে। পরে শহরের স্টেশন বাজার এলাকায় গণসংযোগ করতে গেলে তার ওপর হামলা চালায় বিএনপর আরেকটি দল। এ সময় বিএনপির তিনজন নেতাকর্মী আহত হন। তবে প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি কোনো আঘাত পাননি।
আহত তিন কর্মী হলেন, শহরের নিচাবাজার এলাকার শহিদুর রহমানের ছেলে আব্দুল ওয়াদুদ তনু ও উত্তর বড়গাছা এলাকার শেখ হারুন রফিকের ছেলে ফিরোজ শেখ কানাইখালী এলাকার মোসলেম উদ্দিনের ছেলে জেলা যুবদলের সংস্কৃতিবিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম মুকুল। তাদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
উল্লেখ্য, সিংড়া পৌর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দাউদার মাহমুদকে মোটা অংকের টাকার বিনিময়ে সভাপতি পদে বসানোর জন্য সাবেক ভূমি উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে নাটোরের সিংড়ায় অবাঞ্ছিত করেছে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান মুন্টুর নেতৃত্বাধীন একটি অংশ। দুলুল প্রতিপক্ষ হিসেবে যাদের নাম অন্যতম তারা হলেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ফটিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, থানা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
সূত্র- বাংলার আমরা
বাসাইলসংবাদ/একে




