
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে পৃথকস্থান থেকে শিশুসহ চারজনের লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১০ আগস্ট) টাঙ্গাইল সদর, সখীপুর ও নাগরপুর উপজেলা থেকে এসব লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- করটিয়া সরকারি সা’দত কলেজের অফিস সহায়ক আমিনুল ইসলাম (৩৪), নাগরপুর উপজেলার বাড়িগ্রামের কাদেরের ছেলে মিয়া চাঁন (৬৫) ও সখীপুর উপজেলার কালিদাস গ্রামের রতন কুমার সরকারের মেয়ে স্মৃতি রাণী সরকার (৭)।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া সরকারি সা’দত কলেজের টিনসেড ঘর থেকে অফিস সহায়ক আমিনুল ইসলামের ঝুঁলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। পরে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। তবে পুলিশের প্রাথমিক ধারণা তিনি আত্মহত্যা করেছে।
এদিকে নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের বাড়িগ্রামে সেচ পাম্প চালাতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে মিয়া চাঁন নামের এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান। এছাড়াও একই উপজেলার নোয়াই নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত ওই নারীর পরনে ছিল সবুজ রংয়ের সেলোয়ার ও গোলাপী রংয়ের প্রিন্টের কামিজ।
নাগরপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নোয়াই নদী থেকে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করা হয়েছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি তিন চারদিন আগে তার মৃত্যু হয়েছে। অজ্ঞাত এ নারীর বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হতে পারে। অজ্ঞাত নারীর পরিচয় সনাক্ত ও বিষয়টি নিয়ে তদন্ত চলছে।’
অপরদিকে, সখীপুর উপজেলার কালিদাস গ্রামের নমপাড়ায় ঘরের পেছনে খেলতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে শিশু স্মৃতি রাণী সরকারের মৃত্যু হয়। এ ঘটনায় দুপুরে শিশুটির বাবা বাদী হয়ে সখীপুর থানায় একটি অপমৃত্যু মামলা করেন।
সখীপুর থানার উপপরিদর্শক (এসআই) জয়নাল আবেদীন বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে স্মৃতি রাণী ঘরের পেছনে খেলতে যায়। খেলার এক পর্যায়ে স্মৃতি রাণী ছিঁড়ে পড়ে থাকা তারে হাত দিলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাসাইলসংবাদ/ ১১ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




