
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের সখীপুরে ঘরে সিঁধ কেটে কৃষকের ধান চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের কাজিরামপুর গ্রামে আবুল হোসেনের ঘরে সিঁধ কেটে ১৫ মণ ধান চুরি করে।

জানা যায়, উপজেলার কাজিরামপুর গ্রামের বাসিন্দা আবুল হোসেন প্রতিদিনের মত মঙ্গলবার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রকৃতির টানে রাত ৩ টার দিকে বাইরে আসলে ঘরের সিঁধ কাটা দেখতে পান। পরে দেখেন চোরেরা ধানের গোলা থেকে প্রায় ১৫ মণ ধান চুরি করে নিয়ে গেছে।
আবুল হোসেন বলেন, ‘খাবার খেতে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। এরপর রাত ৩টার দিকে টয়লেট করার জন্য বের হলে দেখতে পাই ঘরে সিঁধ কাটা রয়েছে। পরে গোলার ধান খালি দেখা যায়। আনুমানিক প্রায় ১৫ মণ ধান চুরি হয়েছে। এখন ধানও চুরি হয়। এই করোনাকালে আমার বিশাল ক্ষতি হয়ে গেলো।’
কাকড়াজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম বিদ্যুৎ বলেন, ‘ইউনিয়নে চুরির ঘটনা বেড়ে গেছে। একাধিকবার আইনশৃঙ্খলা মিটিং-এ আলোচনা করলেও চুরি ঠেকানো যাচ্ছে না।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘এ বিষয়ে থানায় কোনও অভিযোগ পাইনি।’
বাসাইলসংবাদ/ ১২ আগস্ট, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




