
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইল সদর উপজেলায় বন্যার পানির স্রোতে কাগমারী-তোরাপগঞ্জ সড়কের এসডিএস সেতু সংলগ্ন সড়ক ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১২ আগস্ট) সকালে ধলেশ্বরী নদীর উপর নির্মিত সেতুর পাশে পানির স্রোতে সড়কের অর্ধেকের বেশি অংশ ভেঙে যায়। এতে টাঙ্গাইল শহরের সাথে পশ্চিমাঞ্চলের চার ইউনিয়নের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

স্থানীয়রা জানান, টাঙ্গাইল শহরের সাথে পশ্চিমাঞ্চলের চার ইউনিয়নের মানুষের যোগাযোগের সুবিধার জন্য সদর উপজেলার কাতুলী ইউনিয়নের এসডিএস সংলগ্ন ধলেশ্বরী নদীর উপর সেতু নির্মাণ করা হয়। সেতুর দুইপাশ থেকে এক যুগেরও বেশি সময় ধরে স্থানীয় প্রভাবশালী একটি মহল অবৈধভাবে ভেকু ও ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করে আসছিল। সেতু রক্ষার্থে ইতিপূর্বে স্থানীয়রা মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি পালন করে। এছাড়াও অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধে উপজেলা ও জেলা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিলেও কোন লাভ হয়নি। দিনের পর দিন অবাধে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে সড়কটি পানির স্রোতে ভেঙে যাচ্ছে। এতে সদর উপজেলার হুগড়া, কাকুয়া, মাহমুদনগর, পোড়াবাড়ি ও কাতুলীসহ পাশ্ববর্তী সিরাজগঞ্জের হাজার হাজার মানুষের যোগাযোগ বন্ধ রয়েছে। তারা বর্তমানে প্রায় ১৫ কিলোমিটার ঘুরে শহরের সাথে যোগাযোগ করছে।
কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘নদী থেকে অবৈধভাবে মাটি উত্তোলনের ফলে ব্রিজের পাশে সড়কটি ভেঙে যাচ্ছে। দুর্ঘটনারোধে জনসাধারনের নিরাপত্তার জন্য সকাল থেকে সড়কটি বন্ধ করে দেয়া হয়েছে। পানির স্রোতের কারণে সড়ক থেকে চাপ ভেঙে পড়ছে। বিষয়টি ইউএনও, উপজেলা চেয়ারম্যান, পানি উন্নয়ন বোর্ড ও স্থানীয় এমপিকে অবগত করা হয়েছে।’
টাঙ্গাইলের পানি উন্নয় বোর্ডের নিবার্হী প্রকৌশলী সাজ্জাদ হোসেন বলেন, ভাঙন কবলিত সড়কটি পরিদর্শন করা হবে। সেখানে দ্রুত জিওব্যাগ ফেলে ভাঙনরোধ ব্যবস্থা নেওয়া হবে।
বাসাইলসংবাদ, ১২ আগস্ট, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




