
নিজস্ব প্রতিবেদক : নতুন সড়ক আইনের কিছু বিধান সংস্কারের দাবিতে টাঙ্গাইল জেলায় পরিবহন ধর্মঘট শুরু হয়েছে। বুধবার (২০ নভেম্বর) সকালে টাঙ্গাইল থেকে দেশের বিভিন্ন জেলা অভিমুখে চলাচলকারী সব পরিবহন চলাচল বন্ধ রেখেছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা। বাস না চলায় যাত্রীরা সিএনজি ও অটোরিকশা করে অতিরিক্ত ভাড়া দিয়ে যাতায়াত করছে।

জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন বলেন, ‘কেন্দ্রীয়ভাবে এখনও ধর্মঘট ডাকা হয়নি। নতুন সড়ক আইনের কিছু বিধান সংস্কারের দাবিতে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলায় ধর্মঘট পালন করায় টাঙ্গাইলেও যানবাহন চলাচল বন্ধ রয়েছে। সকালে কিছু গাড়ি রাজধানীসহ বিভিন্ন জেলায় ছেড়ে গেছে।
এদিকে, ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে মাঝে মধ্যে দু’একটি বাস ও ট্রাক চলাচল করতে দেখা গেছে। এছাড়াও মোটরসাইকেলসহ প্রাইভেট গাড়িগুলোও একেবারেই কম চলাচল করছে।

সকাল থেকে এ পর্যন্ত ২০ভাগ পরিবহন বঙ্গবন্ধু সেতু পাড় হয়নি। যা স্বাভাবিকের তুলনায় খুবই সামান্য বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ।
এরআগে গত সোমবার থেকে ভূয়াপুর ও মঙ্গলবার থেকে গোপালপুরে পরিবহন শ্রমিকরা ধর্মঘট শুরু করে।




