
নিজস্ব প্রতিবেদক : ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের যৌন হয়রানি রোধ করার লক্ষে টাঙ্গাইলে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে ‘সোনিয়া ফাউন্ডেশন’-এর আয়োজনে টাঙ্গাইল শহরের নিরালা মোড়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে ব্যানার ফেস্টুন নিয়ে স্বেচ্ছাসেবী, মানবাধিকারকর্মী, শিক্ষক, রাজনীতিবিদসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এসময় সোনিয়া ফাউন্ডেশন-এর প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার, মানব প্রগতি সংঘের প্রতিষ্ঠাতা মাহমুদা শেলীসহ অন্যান্য সদস্যরা নারী ও শিশু ধর্ষণ এবং নির্যাতনের উপযুক্ত শাস্তি দাবি করে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করেন।
সোনিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া আক্তার বলেন, সাম্প্রতিককালে দেশে নারী ও শিশু ধর্ষণ, নির্যাতন এবং সকল ধরনের যৌন সহিংসতা ভয়াবহ আকার ধারন করেছে। ঘরে-বাইরে, রাস্তাঘাটে, যানবাহনে, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীরা যৌন হয়রানি শিকার হচ্ছেন। যৌন নির্যাতন প্রতিরোধ করতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।




