
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি উন্নয়ন সংগঠন বুরো বাংলাদেশ অদম্য মেধাবী শিক্ষার্থীদের মাঝে দুই বছর মেয়াদী শিক্ষা সহয়তা বৃত্তি প্রদান করেছে। সংস্থাটির শিক্ষা সহায়তা প্রদান কর্মসূচির আওতায় এ বৃত্তি প্রদান করা হয়।

মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের মধুপুরে বুরো বাংলাদেশের প্রশিক্ষণ কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষা সহয়তার অর্থ অদম্য মেধাবীদের হাতে তুলে দেয়া হয়। বুরো বাংলাদেশের নির্বাহী পরিচালক জাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শহীদুল ইসলাম। বক্তব্য রাখেন মধুপুর সার্কেলের সহকারি পুলিশ সুপার কামরান হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা, বুরো বাংলাদেশের ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালক প্রানেশ চন্দ্র বণিক, অতিরিক্ত পরিচালক ফারমিনা হোসেন, মেধাবী শিক্ষার্থীদের অভিভাবক মনোয়ার হোসেন, ডালিয়া হোসেন এবং সহায়তা প্রাপ্ত শিক্ষার্থী সুমাইয়া আক্তার ও সুমন মিয়া।
অনুষ্ঠানের টাঙ্গাইল ছাড়াও পঞ্চগড়, নাটের, পাবনা, চাঁপাইনবাবগঞ্জ, লালমনিরহাট, রাজবাড়ী, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, নেত্রকোণা, জামালপুরের উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২৫জন দরিদ্র অদম্য মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ৩০ হাজার টাকা করে বৃত্তির অর্থ দেয়া হয়। বুরো বাংলাদেশ সূত্র জানায়, এ বছর তারা ১০০জন দরিদ্র শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছে। এ বৃত্তি প্রাপ্তরা প্রতিষ্ঠানে ভর্তি, শিক্ষা উপকরন ক্রয় এবং শিক্ষা ব্যয় বাবদ প্রতিমাসে ছয় হাজার টাকা করে পাবেন।




