
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, ঘাটাইল ॥ টাঙ্গাইলের ঘাটাইলে উপজেলা পর্যায়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস এ খেলার আয়োজন করে। সোমবার বিকালে সরকারি জিবিজি কলেজ মাঠে অনুষ্ঠিত
ফাইনাল খেলায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন স্থানীয় সাংসদ আতাউর রহমান খান।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল ইসলামের সভাপতিত্বে ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুল ইসলাম লেবু, পৌরসভার মেয়র শহিদুজ্জামান খান, ভাইস চেয়ারম্যান কাজী আরজু, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পী ,সরকারি জিবিজি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মতিয়ুর রহমান মিয়া, উপজেলা শিক্ষা অফিসার আরিফুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও সহকারি শিক্ষা অফিসার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গনমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপে মোমিনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলে রসুলপুর-২ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। টুর্নামেন্টের সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের মেহেদী।
অপরদিকে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপে মমরেজ গলগন্ডা সরকারী প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে গুইয়াগম্ভির সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। সেরা খেলোয়ার নির্বাচিত হয় বিজয়ী দলের লাবনী আক্তার।
বাসাইলসংবাদ/একেবি




