
বাসাইলসংবাদ: শুক্রবার, ২৮জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে হৃদয় মোল্লা নামের এক স্কুল ছাত্র সন্ত্রাসী হামলার শিকার হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এঘটনায় অভিযুক্তদের বিচারের দাবিতে ফুঁসে উঠেছে এলাকাবাসী। তারা শুক্রবার (২৮ জুন) দুপুরে উত্তরবঙ্গের প্রবেশদ্বার এলেঙ্গা বাসস্ট্যান্ডে প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল করেন। হৃদয় উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং রাজাবাড়ী গ্রামের ট্রাক চালক শহিদুল ইসলামের ছেলে।
টাঙ্গাইল জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক খাদেমুল ইসলাম মাস্টারের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- এলেঙ্গা পৌরসভার মেয়র নূর এ আলম সিদ্দিকী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসমত আলী প্রমুখ। বক্তরা আগামী ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত সবুজ, সজীব, রাফিসহ হৃদয়ের ওপর হামলাকারীদের গ্রেফতার না করা হলে কঠিন আন্দোলন করা হবে জানান। পরে কালিহাতী থানার ওসি তদন্ত ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের আশ^াস দিলে তারা কর্মসূচি থেকে সরে দাঁড়ান।
জানা যায়, গত ২৪ জুন বিকালে এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে ১৫-২০ জনের একদল যুবক র্যাগিং করে হৃদয়কে রড, স্ট্যাম্প ও ক্রিকেট ব্যাট দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। পরে তাকে উদ্ধার করে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। হৃদয় এখন হাসপাতালের বেডে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এ ঘটনার পরেরদিন হৃদয়ের বাবা শহিদুল ইসলাম বাদি হয়ে একই উপজেলার বাসিন্দা সবুজ, সজীব, রাফিসহ ১০-১২জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তিনদিন পেরিয়ে গেলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।
কালিহাতী থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযুক্তদের গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
বাসাইলসংবাদ/একেবি




