
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক ॥ টাঙ্গাইলের কালিহাতীতে বানের পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুলাই) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চরদূর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হল, ওই গ্রামের আবু সাঈদের মেয়ে তানজিলা (৮) ও লিমা (৫)। তানজিলা স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে ও লিমা প্রথম শ্রেণিতে পড়তো।
স্থানীয়রা জানায়, উপজেলার চর দূর্গাপুর গ্রামের অধিকাংশ জায়গাতে বানের পানি ডুকেছে। বৃহস্পতিবার দুপুরে তানজিলা ও লিমা দোকানে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। দেরি দেখে তাদের অভিভাবক ওই দুই শিশু মেয়েকে অনেক খোঁজাঁখুজি করেও কোন হদিস পায়নি। পরে স্থানীয়রা বাড়ির পাশেই দু-বোনকে পানিতে ভাসতে দেখে মৃত অবস্থায় পানি থেকে উদ্ধার করে।
দূর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন এতথ্যটি নিশ্চিত করে বলেন, ওই গ্রামে কানায় কানায় পানিতে ভরে গেছে। দুপুরে তারা ওই পানিতে ডুবে গিয়ে মারা যায়। তারা সম্পর্কে আপন বোন।
বাসাইলসংবাদ/একেবি




