
বাসাইলসংবাদ: সোমবার, ১৭জুন, ২০১৯:

॥ জোবায়ের হোসেন ॥ বনাঞ্চল ঘেরা উপজেলার আজগানা ইউনিয়নের খালপাড়া গ্রাম। কিন্তু বনের ভিতর নয় একদম রাস্তা লাগোয়া জনসম্মুক্ষে গড়ে উঠেছে বনের কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সারিবদ্ধ অসংখ্য চুল্লি। দীর্ঘদিন ধরেই প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বনজ সম্পদ ধ্বংসকারী ও পরিবেশের জন্য হুমকীস্বরুপ এ কাজ করে আসছিল একটি গোষ্ঠী ।
সোমবার (১৭ই জুন) বিকেলে উপজেলার ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে ৩৫টি অবৈধ চুল্লি। তবে একাজের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি প্রশাসন।
এরআগে গত রোববার মির্জাপুর পৌর সদরের বাওয়ার কুমারজানী গ্রামে অভিযান পরিচালনা করে গুড়িয়ে দেওয়া হয়েছে ৩টি কয়লার চুল্লি। দেড় শতাধিক কয়লার বস্তা জব্দসহ এ কাজের সাথে জড়িত আক্কাস আলী নামের এক ব্যক্তিকে দেওয়া হয়েছে ৩ দিনের সাজা।
স্থানীয়দের অভিযোগ, এলাকার প্রভাবশালীদের ম্যানেজ করে এবং প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে পরিবেশের জন্য মারাত্মক হুমকী সৃষ্টিকারী এই কাজ করে আসছিল একটি গোষ্ঠী। অবশ্য ইতোপূর্বেও অভিযান পরিচালনা করে বেশ কিছু কয়লার চুল্লি গুড়িয়ে দেওয়া হয়েছিল বলেও জানান স্থানীয়রা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাঈনুল হক জানান, যোগদানের পর থেকেই অভিযানে ব্যস্ত সময় পাড় করছি। সামনের দিনগুলোতেও এর ধারাবাহিকতা বজায় রাখতে চাই। পরিবেশ বিনষ্টকারী ও জনহুমকী সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না বলেও জানান তিনি।
বাসাইলসংবাদ/একেবি




