
বাসাইলসংবাদ: শনিবার, ১৯ জানুয়ারি, ২০১৯:

বাসাইলসংবাদ ডেস্ক :
দল বদলের বাজারে এক খেলোয়াড়কে নিয়ে একাধিক ক্লাবের রশি টানাটানি নিত্যনৈমিত্তিক ঘটনা। অধিকাংশ তারকার ক্ষেত্রেই এমনটা ঘটে। তবে লিয়ান্দ্রো প্যারাদেসকে নিয়ে পিএসজি ও চেলসির কাড়াকাড়িটা যেন বাড়াবাড়ি মাত্রায় পৌঁছে গেছে।
দুই দলের হাবভাব দেখে মনে হচ্ছে, এই আর্জেন্টাইনকে কিনতে না পারলে তাদের সব শেষ হয়ে যাবে! মাথার ওপর আকাশ ভেঙে পড়বে।
পরিস্থিতিটা আসলেই বাড়াবাড়ি রকমের যে, পিএসজি কোমড় বেঁধে মাঠে নেমেছে। যেকোনো মূল্যে প্যারাদেসকে তাদের চাই। ওদিকে চেলসিও মরিয়া। দুই দলের এই কাড়াকাড়ি দেখে প্যারাদেসের ক্লাব জেনিত সেন্ট পিটার্সবার্স আবার এঁটেছে অন্য পরিকল্পনা। অতিআগ্রহের পুরো ফায়দা তুলতে চাইছে। প্যারাদেসের জন্য হাঁকিয়ে বসেছে চড়া দাম।
কত? দাম জানার আগে প্যারাদেসের ক্যারিয়ার বৃত্তান্নটায় একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। ২৪ বছর বয়সী মিডফিল্ডার এরই মধ্যে আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ৯টি ম্যাচ খেলেছেন। গোলও করেছেন একটি। তারপরও তারকাখ্যাতি এখনো সেভাবে গায়ে লাগেনি। বিশ্বব্যাপী নিজের নামটাকে এখনো সেভাবে জাহির করতে পারেননি।
তবে আম দর্শকদের হৃদয়ে সেভাবে দোলা দিতে না পারলেও ফুটবল বোদ্ধাদের জহুরী চিনতে ভুল হয়নি। বিশেষ করে, ফুটবলারদের প্রতিভা পরিচর্চার কাজ যারা করেন, তারা জানেন প্যারাদেস কতটা প্রতিভাবান। ভবিষ্যতে তার কত দূর যাওয়ার সম্ভাবনা আছে। অমিয় প্রতিভা আর ভবিষ্যত সম্ভাবনার কারণেই ইউরোপিয়ান ক্লাব পাড়ায় প্যারাদেসকে নিয়ে সোরগোল।
পিএসজি ও চেলসি তো সেই সম্ভাবনাকে নিজেদের জন্য কাজে লাগাতে যুদ্ধই শুরু করে দিয়েছে। এই সুযোগে জেনিত সেন্ট পিটার্সবার্গ দাম হাঁকিয়ে বসেছে ৪০ মিলিয়ন ইউরো। বর্তমানের আকাশচুম্বি চড়া বাজারে তারকা খেলোয়াড়দের ১০০-২০০ মিলিয়ন ইউরোয় কিনছে!
সেখানে ৪০ মিলিয়ন ইউরো এ আর এমন কি! চড়া দাম বলায় অনেকে ভ্রু কুচাতেও পারেন! কিন্তু মনে রাখতে হবে প্যারাদেস এখনো তারকাখ্যাতির প্রদীপ জ্বালাতে পারেননি। তার মতো একজন খ্যাতির আড়ালে থাকা মিডফিল্ডারের জন্য ৪০ মিলিয়ন ইউরো দামটা একটু বেশিই।
তবে আপনার-আমার কাছে বেশি মনে হলেও পিএসজি বা চেলসি তা মনে করছে না। গণমাধ্যমের খবর, দুই ক্লাবই বেঁধে দেওয়া এই দামেই প্যারাদেসকে কিনতে রাজি। সেই লক্ষ্যে আলোচনাও চালিয়ে যাচ্ছে দুই দল। তবে আলাপ-আলোচনার দৌড়ে চেলসির চেয়ে একটু হলেও নাকি এগিয়ে পিএসজি। নেইমার, এমবাপে, কাভানিদের মতো বিশ্বসেরাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার আশায় প্যারাদেসেরও নাকি পিএসজিকেই বেশি পছন্দ।
দুয়ে মিলে প্যারাদেসকে নিয়ে রশি টানাটানির যুদ্ধে শেষ পর্যন্ত পিএসজি বিজয়ী হবে বলেই আভাস।
বাসাইলসংবাদ/একেবি




