
নিউজ ডেস্ক : ভারোত্তোলনে নারীদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। ২০১৬ সালে এসএ গেমসের গত আসরেও ৬৪ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণপদক জিতেছিলেন এই স্বর্ণকন্যা।

নেপালে মাবিয়ার হাত ধরে তিনদিন পর স্বর্ণের দেখা মিললো বাংলাদেশের। সব মিলিয়ে এটি বাংলাদেশের পঞ্চম স্বর্ণ পদক।
নারী ৭৬ কেজি ওজন শ্রেণিতে প্রথমে চেষ্টায় ৭৫ কেজি ওয়েট তোলেন মাবিয়া। এরপর দ্বিতীয় চেষ্টায় (স্ন্যাচ) ৮০ কেজি ওয়েট তোলেন তিনি। স্ন্যাচ ইভেন্টে তার চেয়ে তিন কেজি ওজন বেশি তুলে এগিয়ে যান শ্রীলঙ্কার প্রিয়ন্থি। তৃতীয় চেষ্টায় ব্যর্থ হন মাবিয়া। ফলে স্বর্ণ পদক জিততে হলে ক্লিন অ্যান্ড জার্কে টপকাতে হতো লঙ্কান প্রতিদ্বন্দ্বীকে। ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি ওয়েট তুলে আবারও দেশের হয়ে স্বর্ণ পদক নিশ্চিত করেন ২০ বছর বয়সী এই তরুণী।
এর আগে মেয়েদের ৮১ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য জিতেছেন বাংলাদেশের জহুরা খাতুন নিশা।
এসএ গেমসে এখন পর্যন্ত ৫টি সোনা জয়ের পাশাপাশি ১৮টি রুপা ও ৫৪টি ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ। এ পর্যন্ত বাংলাদেশের পদকসংখ্যা ৭৬।
….বাসাইলসংবাদ/একেবি




