
নিজস্ব প্রতিবেদক : গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বিএনপির সমাবেশকে বাঁধা দেয়ার জন্য সরকার পরিবহন ধর্মঘট ডেকেছে। প্রায় হরতালের পরিস্থিতির সৃষ্টি করেছে। সরকার সর্বব্যাপী আক্রমণের প্রস্তুতি নিয়ে তারা ক্ষমতা টিকিয়ে রাখতে চাইছে। এভাবে ক্ষমতা টিকিয়ে রাখা যাবে না। ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঠেকানোর জন্য সরকার বিভিন্ন প্রদক্ষেপ নিচ্ছে। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে মওলানা ভাসানীর ৪৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল শহরের সন্তোষে তার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, সরকার পদে পদে আমাদের বাঁধা দিয়েছে, হামলা করেছে। যাদের ওপর হামলা করা হয়েছে তাদের নামেই আবার মামলা দিয়ে গ্রেফতার করা হয়েছে। একটা যুগপদ ধারায় অভিন্ন লক্ষে আন্দোলনের পরিচালনা করতে হবে। এতে সকল দলের সাথে আলোচনা করে সরকার পতন, পদত্যাগ, আর্ন্তবর্তীকালীন সরকারের অধীন নির্বাচন এবং সংবিধান সংস্কার করে শাসন ব্যবস্থার মধ্যে জবাবদিহিতা এবং ক্ষমতার ভারসাম্য তৈরি করার আন্দোলন গড়ে তোলা হবে। সেক্ষেত্রে সাতদফার প্রস্তাব উত্থাপন করেছি। সরকার নৈতিকভাবে দৈউলিয়া হয়ে গেছে।
তিনি আরও বলেন, সরকার কেবল যে বিরোধীদলের ভোটাধিকার কেড়ে নিয়েছে সেটা নয় তার দলের সদস্য ও সারাদেশের মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ এবার নাগরিক মর্যাদার লড়াইয়ে নেমেছে। এই গণজোয়ার থামাতে পাড়বে না সরকার। এসময় গণসংহতি আন্দোলনের বিভিন্নস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাসাইলসংবাদ, ১৭ নভেম্বর ২০২২ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




