
বাসাইলসংবাদ: বুধবার, ২৭ ফেব্রুয়ারি, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, সখীপুর: টাঙ্গাইলের সখীপুরে শ্বাসরোধ করে সদ্য বিবাহিত স্ত্রীকে হত্যা করেছে এক ঘাতক স্বামী। মঙ্গলবার রাতে উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া এলাকায় শ্বশুর বাড়িতে পাষন্ড স্বামী শরিফুল ইসলাম স্ত্রী রুমি আক্তার (১৮) কে নির্মমভাবে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।
স্ত্রীকে হত্যা করে শরিফুল ইসলাম নিজেও গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে বাড়ির লোকজন ও স্থানীয়রা শরিফুলকে আটক করে সখীপুর থানায় সোপর্দ করে।
এ ঘটনায় নিহতের বাবা আবদুর রউফ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছে।
নিহতের পরিবার ও থানা সূত্রে জানা যায়, গত ২ জানুয়ারি বাসাইল উপজেলার সুন্না গ্রামের লুৎফর রহমানের প্রবাসী ছেলে শরিফুলের সঙ্গে সখীপুর উপজেলার দাড়িয়াপুর নামাপাড়া গ্রামের আবদুর রউফের মেয়ে রুমি আক্তারের বিয়ে হয়। শরিফুল চাকরি সূত্রে সিঙ্গাপুরে থাকেন।
রুমির চাচাত ভাই ওমর ফারুক বলেন, ছুটি নিয়ে এসে সে বিয়ে করে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শরিফুল স্ত্রীকে নিয়ে বাসাইলের সুন্না গ্রামের বাড়ি থেকে শ্বশুর বাড়িতে আসে। দিন শেষে তারা রাতের খাবার খেয়ে শুয়ে পড়েন। রাত সাড়ে ১১টার সময় তাদের শোয়ার ঘরে গোঙানির শব্দ শুনে তিনি ও বাড়ির আরও লোকজন নিয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকেন। রুমিকে খাটের ওপর নিথর দেহে পড়ে থাকতে দেখে তাকে দ্রুত সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎক তাকে মৃত ঘোষনা করে।
এদিকে, গত ২৩ ফেব্রুয়ারি শরিফুলের ছুটি শেষে সিঙ্গাপুর চলে যাওয়ার কথা থাকলেও সে যায়নি।
সখীপুর থানার উপ-পরিদর্শক ও মামলার আইও সিরাজুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে।
থানার পরিদর্শক (তদন্ত) এএইচএম লুৎফুল কবীর বলেন, অভিযুক্ত স্বামী শরিফুলকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একেবি




