
বাসাইলসংবাদ: শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের সখীপুর থানার ওসি আমির হোসেনের প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় ঐক্যফ্রন্ট সমর্থক নেতারা। শনিবার ( ২২ ডিসেম্বর) দুপুরে সখীপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ঐক্যফ্রন্টের পক্ষে উপজেলা কৃষক শ্রমিক জনতালীগের যুগ্ম সাধারণ সম্পাদক দুলাল হোসেন মাস্টার লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে দুলাল হোসেন মাস্টার বলেন, আগামি ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নিবার্চনকে কেন্দ্র করে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আমির হোসেন ধানের শীষ প্রতীকের ঐক্যফ্রন্টের প্রার্থী কুঁড়ি সিদ্দিকীর সমর্থক ও নেতাকর্মীদের প্রকাশ্যে নির্যাতন ও পরিকল্পিতভাবে মিথ্যা ও হয়রানিমূলক বিভিন্ন মামলা দিয়ে গ্রেফতার করছে। বিজ্ঞ আদালত থেকে সংশ্লিষ্ট মামলায় জামিন প্রাপ্ত হলেও ষড়যন্ত্রমূলকভাবে সখীপুর থানার বিভিন্ন পেডিং মামলার শ্যোওন এ্যারেষ্ট দেখিয়ে ঐক্যফ্রন্ট সমর্থকদের আটক রাখছে, যা আইনের বরখেলাপ। নির্বাচনে সুষ্ঠু পরিবেশের জন্য তারা দ্রুত সখীপুর থানার ওসির প্রত্যাহারের দাবি জানান।
জেলা কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম বলেন, নির্বাচনকে কেন্দ্র করে সখীপুর থানায় ঐক্যফ্রন্টের সমর্থকদের বিরুদ্ধে এ পর্যন্ত ৫টি মামলা করা হয়েছে। সখীপুর উপজেলা কৃষকশ্রমিক জনতালীগে সভাপতি ও সম্পাদকসহ প্রায় ৫শ’জনের বিরুদ্ধে এ মামলা করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘বর্তমানে সখীপুর উপজেলা কৃষকশ্রমিক জনতালীগের সভাপতি, সম্পাদক, উপজেলা ছাত্র দলের সভাপতি ও সম্পাদকসহ ২৩-২৪জন নেতাকর্মী জেল হাজতে রয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ঐক্যফ্রন্ট নেতা উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ মোহাম্মদ হাবিব, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি আলহাজ আবদুস সবুর খান, রফিকুল ইসলামসহ অন্যরা।
বাসাইলসংবাদ/একে




