
বাসাইলসংবাদ: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে বিদ্যালয়ে যাওয়ার পথে আদিবাসী দশম শ্রেণির এক স্কুল ছাত্রীকে উত্ত্যক্ত করা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মেয়েটির ছবি পোস্ট করার অভিযোগ পাওয়া গেছে এক বখাটের বিরুদ্ধে। এ ঘটনায় ছাত্রীর মা রবিবার (০৯ সেপ্টেম্বর) বিকেলে সখীপুর থানায় ওই বখাটের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন।
এদিকে বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি ওই বখাটের বাড়ির পাশ দিয়ে হওয়ায় ওই মেয়েটি দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে।
সখীপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোলাম রাব্বানী জানান, অভিযোগ পাওয়া ওই ছেলের নাম আসাদুল ইসলাম (২০)। সে উপজেলার বহেড়াতৈল ইউনিয়নের ঘাটেশ্বরী গ্রামের শবদুল মিয়ার ছেলে। থানায় অভিযোগ আসার খবর পেয়ে আসাদুল এলাকা থেকে পালিয়ে গেছে। গ্রামবাসীর তথ্য অনুসারে আসাদুল বখাটে ও গাঁজাসেবী হিসেবে পরিচিত।
উপজেলার বহেড়াতৈল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য রাজা মামুদ বলেন, শবদুল মিয়ার ছেলে আসাদুলের বিরুদ্ধে এলাকায় অনেক চুরি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা যায়, ওই বখাটের একটি ফেসবুক আইডিতে প্রেমিকা হিসেবে দাবি করে দুজনের ছবি (মেয়েটির ও বখাটের ছবি) ফটোশপ করে ছেড়ে (পোস্ট) দেওয়া হয়েছে। বিদ্যালয়ে যাওয়ার রাস্তাটি ওই বখাটের বাড়ির পাশ দিয়ে হওয়ায় মেয়েটি দুই সপ্তাহ ধরে বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বখাটেকে শাসাতে গেলে প্রধান শিক্ষক নিজেও লাঞ্ছিত হয়েছেন বলে জানিয়েছেন।
মেয়েটির জানান, ওই বখাটে প্রভাবশালীদের সহায়তা নিয়ে তাদের নানাভাবে হুমকি দিয়ে আসছে। এ অবস্থায় তাদের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানান।
মেয়েটির বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, বিদ্যালয়ে আসার পথে মেয়েদের উত্ত্যক্ত করার বিষয়ে ওই ছেলের বাড়িতে গেলে সে এক পর্যায়ে তাঁর দিকে তেড়ে আসেন ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। পরে মেয়েটির অভিভাবককে থানায় আশ্রয় নেওয়ার জন্য বলা হয়েছে।
সখীপুর উপজেলা আদিবাসী ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি রবীন্দ্র কুমার বর্মণ বলেন, মেয়েটি আমাদের গোত্রের আর ছেলেটি মুসলমান। আমরা সমাজে বড় অসহায়। থানা-পুলিশ এর বিচার না করতে পারলে আমরা আদিবাসীরা মানববন্ধন করব।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহিন আলী বলেন, অভিযোগ পেয়েছি, বখাটেকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বাসাইলসংবাদ/একে




