
বাসাইলসংবাদ: সোমবার, ১০ সেপ্টেম্বর, ২০১৮:

সখীপুর : টাঙ্গাইলের সখীপুরে অভিনব কৌশলে পুলিশ পরিচয়ে ব্যাটারী চালিত অটো গাড়ি, নগদ টাকা ও মোবাইল নিয়ে গেছে ছিনতাইকারীরা। রবিবার (০৯ সেপ্টেম্বর) সকালে সখীপুর পৌরসভার জেলখানা মোড় এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ ঘটনায় অটো গাড়ির মালিক ওসমান মিয়া সখীপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। সে উপজেলার কীর্ত্তণখোলা গ্রামের খোরশেদ আলমের ছেলে।
জানা যায়, রবিবার সকালে সখীপুর-সীডস্টোর সড়কের জেলখানা মোড় এলাকায় অটো চালক ওসমান মিয়া যাত্রীর অপেক্ষায় বসে ছিলেন। এ সময় মাইক্রোবাস যোগে দু’জন লোক নিজেদের পুলিশের লোক পরিচয় দিয়ে ওসমানের বিরুদ্ধে মামলা রয়েছে বলে মাইক্রোতে তুলে নেয়। কিছুক্ষণ পরই তারা ওসমানের চোখ বেঁধে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরে তাকে মির্জাপুর ক্যাডেট কলেজ গেইটের কাছে ফেলে রেখে চলে যায়। এদিকে ওসমান মিয়া সখীপুরে ফিরে এসে দেখতে পান ওই চক্রের লোকজন তার ব্যাটারী চালিত অটো গাড়িটিও নিয়ে নিয়ে গেছে।
সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম তুহীন আলী বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বাসাইলসংবাদ/একে



