
বাসাইলসংবাদ: মঙ্গলবার, ১৮জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর ॥ টাঙ্গাইলের মির্জাপুরের ৭টি বস্তা ভর্তি লাশ পাওয়ার গুজবে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার ( ১৮ই জুন) উপজেলার ওয়ার্শী-বালিয়া রোডের ঘুগী নামকস্থানের এসএমভি ইট ভাটা সংলগ্ন রাস্তার পাশে পাওয়া ওই বস্তাগুলো দেখে গুজবের সৃষ্টি হয়।
স্থানীয়রা জানান, মঙ্গলবার (১৮ই জুন) সকালে রাস্তা দিয়ে হাটার সময় বাতাসে দুর্গন্ধ ভেসে আসলে কয়েকজন সেই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে ওই স্থানের রাস্তার পাশে মুখ আটকানো অবস্থায় ৭টি বস্তা দেখার পর নিশ্চিত হন যে ওই বস্তাগুলো থেকেই দুর্গন্ধ বের হচ্ছে। এরপর মুহূর্তের মধ্যে এলাকায় বস্তা ভর্তি লাশের সংবাদ ছড়িয়ে পড়লে শত শত গ্রামবাসী ওই স্থানে ভিড় জমায়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় মির্জাপুর থানা পুলিশ। কিন্তু সবকিছু পর্যবেক্ষণ করে পুলিশ জানায় আসলে লাশ নয় মুরগীর নাড়ি-ভুড়ি ভর্তি ওই বস্তাগুলো কেউ রাস্তার পাশে ফেলে গেছে।
এদিকে বস্তা থেকে বের হওয়া তীব্র গন্ধে রাস্তায় চলা দূরের কথা বাড়িতে থাকা দায় হয়ে পড়েছে উল্লেখ করে বস্তাগুলো দ্রুত অপসারণ করার দাবি জানান উপস্থিত সবাই।
ঘটনাস্থল পরিদর্শন করা উপ-পরিদর্শক হারিছ জানান, কে বা কারা মুরগীর নাড়ি-ভুড়ি বস্তা ভর্তি করে ফেলে গেছে তা জানা যায়নি। তবে খুব দ্রুত বস্তাগুলো মাটি চাপা দেওয়া হবে বলে জানান তিনি।
বাসাইলসংবাদ/একেবি




