

বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ৬জুন, ২০১৯:
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলে বাস-পিকআপ মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হন সাতজন। বুধবার (৫ জুন) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন, বাসাইল উপজেলার জিবনশ্বর গ্রামের হাবিবুর রহমানের ছেলে সজিব মিয়া ও সিরাজুল ইসলামের ছেলে সোহাগ।
পুলিশ ও স্থানীয়রা জানান, একটি পিকআপ ভ্যান নিয়ে টাঙ্গাইলের বাসাইল থেকে কয়েকজন যুবক ঘুরতে যাচ্ছিলেন বঙ্গবন্ধু সেতুর দিকে। পিকআপ ভ্যানটি সল্লা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে ঢাকাগামী কিরণমালা পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত হন। পরে আটজনকে আহত অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি সাতজন বর্তমানে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বাসাইলসংবাদ/একেবি




