
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২১ জুন, ২০১৮:

এনায়েত করিম বিজয় :
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ চলতি মাসের ৩০ জুন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ-বিএনপি ও কৃষকশ্রমিক জনতালীগের এক প্রার্থী লড়ে যাচ্ছেন। কোনও দলেই বিদ্রোহী প্রার্থী নেই।
আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিএনপি মনোনীত উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম প্রতিষ্ঠিত দল কৃষকশ্রমিক জনতালীগের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু ভোট যুদ্ধে নেমেছেন। তারা সকলেই ভোটের লড়াইয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন।
এদিকে জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। প্রার্থীদের পোস্টার, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে গোটা পৌর এলাকা। ভোটাররাও তাদের পছন্দের প্রতীকে ভোট দিতে অধীর আগ্রহে প্রহর গুনছে। মাইকিংয়ের সাথে সাথে নানা প্রতিশ্রুতির গান তৈরি করে ভোটারদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করছে প্রার্থীরা। হাট-বাজার, চায়ের দোকান, মাঠ-ঘাট, বিভিন্ন প্রতিষ্ঠান সব জায়গায় ভোটের আমেজ।
তবে সাধারণ ভোটাররা সন্ত্রাস, মাদক মুক্ত ও উন্নয়নশীল আধুনিক পৌরসভা গড়ার ব্যাপারে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবেন বলে জানিয়েছেন।
এবারের নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৩৭ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন।
উল্লেখ্য, পৌরসভার ১০টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন।
বাসাইলসংবাদ/একে




