
বাসাইলসংবাদ: বুধবার, ২০ জুন, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ (নৌকা), বিএনপি মনোনীত উপজেলা বিএনপি’র সভাপতি এনামুল করিম অটল (ধানের শীষ) ও বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম প্রতিষ্ঠিত দল কৃষকশ্রমিক জনতালীগের উপজেলা শাখার সভাপতি রাহাত হাসান টিপু (গামছা) প্রতীকে ভোট যুদ্ধে নেমেছেন। তারা রাত-দিন বিভিন্ন এলাকায় প্রচার ও গণসংযোগ করছেন। মেয়র প্রার্থী ছাড়াও সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীরাও সকাল থেকে গভীর রাত পর্যন্ত নিজ নিজ ওয়ার্ডে গণসংযোগ করছেন।
এদিকে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে গণসংযোগ করছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের), টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী অলিদ ইসলাম ছাড়াও বিভিন্ন নেতাকর্মী।

আব্দুর রহিম আহমেদের পক্ষে
বিএনপির প্রার্থীর পক্ষে কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এডভোকেট আহমেদ আযম খান, জেলা বিএনপির সভাপতি ড. শামছুল আলম তোফা, সহ-সভাপতি জিন্না, জিয়াউল হক, জেলা যুবদলের আহবায়ক আশরাফ পাহেলী ছাড়াও বিভিন্ন এলাকার নেতাকর্মী গণসংযোগ চালাচ্ছেন।

এনামুল করিম অটলের পক্ষে
কৃষকশ্রমিক জনতালীগের প্রার্থীর পক্ষে কৃষকশ্রমিক জনতালীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম, কেন্দ্রীয় কৃষকশ্রমিক জনতালীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান খোকা বীরপ্রতীক ছাড়াও বিভিন্ন এলাকার নেতাকর্মীকে গণসংযোগ করতে দেখা গেছে।

রাহাত হাসান টিপুর পক্ষে
এদিকে পোস্টারে ছেড়ে গেছে পাড়া-মহল্লায়।
উল্লেখ্য, চলতি মাসের ৩০ জুন এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৪০০। এর মধ্যে নারী ভোটার ৮ হাজার ৪৭৫ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯২৫জন।
বাসাইলসংবাদ/একে




