
বাসাইলসংবাদ: সোমবার, ১৫ অক্টোবর, ২০১৮:

নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইলের বাসাইলে পৃথক মামলায় ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার (১৪ অক্টোবর) সকালে ঢাকা বিমান বন্দর ও জিরানী এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার কাঞ্চনপুর পশ্চিমপাড়া এলাকার গেদা ফকিরের ছেলে আলী হোসেন, কাউলজানী ইউনিয়নের ডুমনীবাড়ী গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে সুমন আহমেদ (৩২) ও মোশারফ হোসেন ( ৩৪)।
পুলিশ জানায়, আলী হোসেনের বিরুদ্ধে ২০১৪ সালে তার স্ত্রী নাসিমা আক্তার বাদি হয়ে মামলা দায়ের করে। এরপর সে গোপনে মালয়েশিয়া চলে যায়। রবিবার সকালে মালয়েশিয়া থেকে দেশে ফিরছে এমন খবরে বাসাইল থানা পুলিশ বিমান বন্দর পুলিশের সহায়তায় ওই এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অপরদিকে দুই সহোদর সুমন ও মোশারফের বিরুদ্ধে ২০০৬ সাল ও ২০১৫ সালে পৃথক মামলা হয়। সেই সময় থেকেই তারা পলাতক ছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার জিরানী এলাকা থেকে স্থানীয় থানা পুলিশের সহায়তায় একইদিনে তাদেরকে গ্রেফতার করা হয়।
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিচুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওয়ারেন্টভূক্ত ৩ আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
বাসাইলসংবাদ/একে




