
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদকে ফের চেয়ারে বসাতে বহিরাগতরা উঠেপড়ে লেগেছিল। নির্বাচনের মার্কা বের হওয়ার পর থেকেই নির্বাচনি এলাকায় বহিরাগতদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। আর বহিরাগতদের বেশি মূল্যায়ন করায় আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। বিশেষ করে কাশিল থেকে আসা বহিরাগতদের দাপটের কারণে নির্বাচনি এলাকায় ভোটারদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। নির্বাচনি এলাকার কর্মী-সমর্থকদের চেয়ে বহিরাগতদের বেশি মূল্যায়ন করায় আওয়ামী লীগের প্রার্থীর পরাজয় হয়েছে বলে ধারণা করছেন সাধারণ ভোটার ও সচেতনমহল। এছাড়াও আব্দুর রহিম আহমেদের ভোটব্যাংক এবার কিছুটা নড়বড়ে হওয়ায় তিনি পড়েন আরও বিপাকে।

স্থানীয়রা জানান, বর্তমান মেয়র বীরমুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ লোক হিসেবে খারাপ না, শিক্ষিত মানুষ। তবে সাধারণ মানুষ তার বাসভবনে যেতে পারেননি। এসব ক্ষোভ এবার নির্বাচনে বেশ কাজ করেছে। তার পরাজয়ের মূল কারণ হিসেবে অনেকে এই ক্ষোভকেই দেখছেন। এছাড়াও কাশিল থেকে কাজী বাদলের নেতৃত্বে দিনরাত আওয়ামী লীগের পক্ষে অবস্থান করাকেও দায়ী করছেন অনেকে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মতিয়ার রহমান গাউস বলেন, ‘নৌকা হারার মূল কারণ, নিজেদের ভেতরে কিছু ষড়যন্ত্র। এছাড়াও মেয়রের বংশধররা এবার ওইভাবে আমাদের ভোট দেয়নি। তার নিজ কেন্দ্রেও খারাপ হয়েছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলামও বিরোধীরা করেছেন। এছাড়াও কাদের সিদ্দিকীর দুই-তিনজন লোক সার্বক্ষণিক মেয়র আব্দুর রহিমের সঙ্গে রেখেছিল। তারা ভেতরের তথ্য কাদের সিদ্দিকীর প্রার্থীর কাছে পাঠাতেন। আপনারা (সাংবাদিক) সঠিক তথ্য তুলে ধরুন।
প্রসঙ্গত, এ পৌরসভায় মেয়র নির্বাচিত হয়েছেন কৃষকশ্রমিক জনতালীগের প্রার্থী রাহাত হাসান টিপু। গামছা প্রতীকের এই প্রার্থী চার হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট। উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট। মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। এবারের নির্বাচনে মেয়র পদে তিন জন, নয় ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।
বাসাইলসংবাদ, ২৩ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




