
নিজস্ব প্রতিবেদক : টানা তৃতীয়বারের মতো বাসাইল পৌরসভার ৮নং ওয়ার্ডে কাউন্সিলর পদে নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে জয় লাভ করে হ্যাটট্রিক করেছেন সাজ্জাদ হোসেন আলাল। বাসাইল পৌরসভা গঠনের পর থেকেই তিনি ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে কাউন্সিলরের দায়িত্ব পালন করছেন। টানা তিনবারের এই ভোটযুদ্ধে অনেক হেভিওয়েট প্রার্থী তার কাছে হেরে গেছেন। এসব নির্বাচনে অন্যান্য প্রার্থীর টাকার ছড়াছড়ি থাকলেও শেষ পর্যন্ত আলালের পক্ষেই একাট্টা হয়ে কাজ করেছেন সাধারণ ভোটার ও সচেতনমহল। সাজ্জাদ হোসেন আলাল উটপাখি প্রতীকে ভোট পেয়েছেন ১০২৮টি। আর তার একমাত্র প্রতিদ্বন্দ্বী ডালিম প্রতীকের প্রার্থী শাহিনুর ছিদ্দিকী পেয়েছেন ৭২০ ভোট।

এদিকে, নির্বাচিত হওয়ার পর এলাকার সাধারণ ভোটারদের সাথে দেখা করতে গেলে সাজ্জাদ হোসেন আলালকে টাকার মালা পরিয়ে দিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায় সাধারণ ভোটাররা। দুইদিনে প্রায় ৫০ হাজার টাকা উপহার দিয়েছেন সাধারণ ভোটার ও সচেতনমহল। এরআগে নির্বাচনে অংশ নিতেও এলাকার সাধারণ ভোটাররা তাকে টাকা দিয়ে সহযোগিতা করেন।
জানা যায়, ক্লিন ইমেজের এই কাউন্সিলর রাস্তা-ঘাটসহ বিভিন্নভাবে তার ওয়ার্ডে উন্নয়ন করেছেন। খুব সহজেই তাকে কাছে পাওয়া যায়। তিনি সাধারণ মানুষকে খুবই মূল্যায়ন করেন। কোন মানুষের কি সমস্যা হচ্ছে তা সব সময় খেয়াল রাখেন তিনি। কেউ মারা গেলে বা অসুস্থ হলে দৌড়িয়ে সেই বাড়িতে উপস্থিত হন। এজন্য তিনি এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন।
সাজ্জাদ হোসেন আলাল বলেন, ‘সাধারণ ভোটার ও এলাকার সচেতনমহল আমাকে মূল্যায়ন করেছেন। এলাকার সাধারণ ভোটাররাই আমার প্রাণ। তারা এলাকার উন্নয়নের কথা ভেবে আমাকে জয়ী করেছেন। আমি আমার কথা রাখবো। আমার অসমাপ্তকাজসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ করে এলাকার মানুষের কষ্ট লাঘব করবো ইনশাআল্লাহ।
বাসাইলসংবাদ, ২৪ জুন, ২০২৩ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




