
বাসাইলসংবাদ: বৃহস্পতিবার, ২০জুন, ২০১৯:

নিজস্ব প্রতিবেদক, মির্জাপুর : টাঙ্গাইলের মির্জাপুরে দুইদিনে ৪৩টির পর এবার আরও ১৫টি অবৈধ কয়লা কারখানা তৈরির (চুল্লি) ভেঙে গুড়িয়ে দিয়েছে প্রশাসন। এই কাজে জড়িত থাকার অভিযোগে আজগানা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো. রাসেলকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসময় ৪৫০ বস্তা কয়লা জব্দ করে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মঈনুল হক এ অভিযান পরিচালনা করেন। বুধবার (১৯জুন) উপজেলার আজগানা ইউনিয়নের খাটিয়ার হাট ও মাটিয়াখোলা গ্রামে দুপুর থেকে রাত ৮ টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।
এরআগে ১৬ জুন উপজেলার পৌর সদরের বাওয়ার কুমারজানি গ্রামে অভিযান চালিয়ে তিনটি কয়লার চুল্লি ধ্বংস ও দেড় শতাধিক বস্তা কয়লা জব্দ করার পাশাপাশি একাজে জড়িত থাকার অভিযোগে আক্কাস আলী নামের এক ব্যক্তিকে তিন দিনের জেল দেয়া হয়। অপরদিকে, গত ১৭ জুন আজগানা ইউনিয়নের খালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৩০টি কয়লার চুল্লি ধ্বংস ও ৫ বস্তা কয়লা জব্দ করে এসিল্যান্ড মঈনুল হক পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মঈনুল হক বলেন, দায়িত্বগ্রহণের পর থেকে অভিযানে ব্যস্ত সময় পার করছি। একটি আদর্শ মির্জাপুর গঠনে আমাকে যা যা করতে হয়, আমি তা করে যাওয়ার চেষ্টা করবো। পরিবেশের প্রতি হুমকী স্বরূপ এ ধরণের কাজ কোনভাবেই টিকতে দেওয়া হবে না বলেও তিনি জানান।
বাসাইলসংবাদ/একেবি




