
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থীর মৃত্যুতে চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। উপজেলার আটিয়া ও এলাসিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা আতিয়ার রহমান মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এতথ্যটি নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে উপজেলার আটিয়া ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্ত চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী বাবুলউজ্জামান মোল্লা (৪১) সোমবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এজন্য চেয়ারম্যান পদে নির্বাচন স্থগিত করা হয়েছে।
এদিকে বাবুলউজ্জামান মোল্লার মৃত্যুতে তার পরিবার ও নেতাকর্মীদের মাছে শোকের ছায়া নেমে এসেছে। তিনি আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন।
উপজেলার আটিয়া ও এলাসিন ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্বে থাকা রিটার্নিং ও উপজেলা মৎস্য কর্মকর্তা আতিয়ার রহমান বলেন, ‘এ ইউনিয়নে চেয়ারম্যন পদে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এরমধ্যে বাবুলউজ্জামান মোল্লা স্বতন্ত্র প্রার্থী ছিলেন। হঠাৎ তার মৃত্যু হওয়ায় চেয়ারম্যান পদে নির্বাচন বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত একটি চিঠি নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত থাকবে।
জেলা নির্বাচন অফিসার এএইচএম কামরুল হাসান বলেন, ‘প্রার্থীর মৃত্যুতে ওই ইউনিয়নের চেয়ারম্যান পদের নির্বাচন স্থগিত করা হয়েছে। তবে সদস্য পদের নির্বাচন হবে কি না সেটা কমিশনের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।’
বাসাইলসংবাদ/ ২৭ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




