
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গায় দুর্বৃত্তরা ছুড়ি দিয়ে গলা কেটে এক স্কুলছাত্রীকে হত্যা করেছে। এসময় ওই ছাত্রীর লাশের পাশেই এক কিশোরকে রক্তাক্ত আহত অবস্থায় উদ্ধার করা হয়। বুধবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার এলেঙ্গা পৌরসভার শামসুল হক কলেজের সামনের একটি ভবন থেকে তাদেররকে উদ্ধার করা হয়।

নিহত ছাত্রীর নাম ছোমাইয়া আক্তার (১৫)। সে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী ছিল। সে উপজেলার পালিমা গ্রামের ফেরদৌস আলমের মেয়ে। তারা এলেঙ্গা কলেজ মোড় এলাকায় বাসা ভাড়া করে থাকতেন। আহত মনির (১৭) উপজেলার মশাজান গ্রামের মেহের আলীর ছেলে।
পুলিশ ও নিহত ছাত্রীর স্বজনরা জানান, ছোমাইয়া সকাল সাড়ে ছয়টার দিকে স্থানীয় প্রাইম কোচিং সেন্টারে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। পরে স্থানীয়রা এলেঙ্গা সরকারি শামসুল হক কলেজের বিপরীত পাশে খোকন মিয়ার ভবনের সিঁড়িকোঠায় ছোমাইয়া ও তার বন্ধু মনির মিয়াকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছোমাইয়ার লাশ উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত মনিরকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে নিহত ছোমাইয়া বাড়ীতে চলছে শোকের মাতম। স্বজনদের কান্না আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।
ছোমাইয়ার চাচা ফিরোজ মিয়া বলেন, ‘আমার ভাই বউ-বাচ্চা নিয়ে এলেঙ্গায় ভাড়া বাসায় থাকেন। বখাটেদের অত্যাচারে কিছুদিন আগে তারা বাসা বদল করেছে। কি কারণে এই নৃশংসহত্যাকাণ্ড হয়েছে, সেটা বুঝতে পারছি না। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান বলেন, ‘নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ছোমাইয়া মুঠোফোন জব্দ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেম ঘটিত কারণে এ হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে।’
টাঙ্গাইলের সহকারি পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) শরিফুল হক বলেন, ‘ছোমাইয়াকে ছুড়ি দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে। মনিরকেও ছুড়ি দিয়ে আহত করা হয়েছে। কি কারণে এই হত্যাকাণ্ড হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
টাঙ্গাইল জেনারেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসা কর্মকর্তা রাজিব পাল চৌধুরী জানান, মনিরের গলায়, ঘাড়ে ও শরীরের বিভিন্নস্থানে ছুড়ি দিয়ে ক্ষতবিক্ষত করা হয়েছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
বাসাইলসংবাদ/ ২৭ অক্টোবর, ২০২১ / একেবি
সকলের অবগতির জন্য নিউজটি শেয়ার করুন




